কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪: ৪৬
কুড়িগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তাঁর বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মাছবাহী পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement