নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ‘ডিম হামলা’, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছুড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলা চালিয়ে তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এর আগেও রাজধানী ঢাকায় একাধিকবার ডিম হামলা হয়েছে।
জেলা এনসিপি এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে। তবে স্থানীয় ছাত্রদল এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে। পাটওয়ারী কুষ্টিয়ার শিলাইদহ ঘুরে লালনের আখড়ায় গিয়েছিলেন। সেখান থেকে গান শুনে বের হওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে তাদের হেফাজতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি তার জানা নেই বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালনের আখড়া থেকে বের হওয়ার সময় নাসিরুদ্দীনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে ২০ থেকে ২৫ জন তরুণ তাকে গালাগালি করে হামলার চেষ্টা করেন। এ সময় কয়েকজন আহত হন। পরে আখড়ার প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুর করা হয়।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ হামলায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেছেন, হামলাকারী কয়েকজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ছাত্রদল মব কালচারে বিশ্বাস করে না। হামলায় ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না। নাসীরুদ্দীনের বিরুদ্ধে হামলা হলে আমরাও তার নিন্দা জানাই।












-c266ab-256x144.webp)
-bba96a-256x144.webp)



