রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে শুধু অবকাঠামো বাড়ানো যথেষ্ট নয়, চিকিৎসকদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, “সেটি হচ্ছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে; সেহেতু শিক্ষার্থী-শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়।

“তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট।”

স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। তবে এসব উদ্যোগ সফল করতে চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

তারেক রহমান বলেন, “আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন; তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।”

দায়িত্ব পালনে কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা ও শিথিলতার কারণে সরকার এবং চিকিৎসাব্যবস্থা উভয়ই মানুষের কাছে প্রশ্নের মুখে পড়ে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য খাতে চিকিৎসকদের বিভিন্ন দাবির প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। বিশেষ ব্যবস্থায় চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বয়সসীমা বাড়ানো এবং স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিকে চিকিৎসকদের অবস্থান থেকে বিবেচনা করলে অযৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।

তবে এসব বাস্তবায়নে সরকারের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয় এবং একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, “প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়।”

বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের ভোগান্তির বিষয়টি সরকার অস্বীকার করছে না জানিয়ে তিনি বলেন, আগের সরকারের অপরিকল্পিত পরিকল্পনা এবং নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়ার জন্য নেওয়া বিভিন্ন নীতির প্রভাব এখনো দেশের মানুষ ও সরকারকে বহন করতে হচ্ছে।

জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাত আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে এবার এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। তাঁরা কবুতর ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত: সংকট থেকে সমাধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোস্তফা আদিব সুমন এবং ‘জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইফ মোহাম্মদ।

ড্যাব সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জুবাইদা রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বক্তব্য দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।

৩ ঘণ্টা আগে

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে

৭ ঘণ্টা আগে

উচ্চশিক্ষা ও গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস সার্কের

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

১৮ ঘণ্টা আগে