হাম নিয়ন্ত্রণে ২-৩ মাস সময় চাইলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৫: ৪০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত দুই থেকে তিন মাস সময় প্রয়োজন। এই সময়ের মধ্যে মৃত্যুহার কমানো ও স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর জোর দিতে হবে বলে জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের হাম নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের একটি সমস্যা একদিনে বা আগামী সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে, এমন অবাস্তব প্রত্যাশা করা ঠিক হবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এম এ মুহিত বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলার কারণে সরকারি স্বাস্থ্য খাত নানা সংকটে পড়েছে। অন্যদিকে দেশে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বড় নেটওয়ার্ক থাকলেও সেখানে মান নিয়ন্ত্রণ ও মুনাফার বিষয়টি রয়েছে।

তবে বাংলাদেশ শিশু হাসপাতাল, হলি ফ্যামিলি ও বারডেমের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে একটি ভারসাম্য তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

শিশুস্বাস্থ্য নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় শহরে পাঁচটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু হবে।

স্বাস্থ্য খাতের জনবল সংকট মোকাবিলায় দ্রুত ৫ হাজার চিকিৎসক, ১ হাজার নার্স ও ১ লাখ নতুন মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

গবেষণায় হাম আক্রান্ত শিশুদের অপুষ্টির চিত্র

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের ৬৫ শতাংশই অপুষ্টিতে ভুগছিল। তাদের মধ্যে ১২ শতাংশ তীব্র এবং ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার।

গবেষণায় আরও দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের ৪৩ শতাংশের বয়স ৩ থেকে ৯ মাসের মধ্যে। আক্রান্ত শিশুদের ৩৮ শতাংশ জন্মের পর প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ পুরোপুরি পায়নি। মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে এই হার আরও বেশি, ৮২ শতাংশ।

গবেষণার তথ্য অনুযায়ী, নিয়মিত টিকা পাওয়ার বয়স হয়নি এমন অর্থাৎ ৯ মাসের কম বয়সী শিশুদের ৯৭ দশমিক ৩ শতাংশের মধ্যে হাম শনাক্ত হয়েছে। আর টিকা নেওয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া শিশুদের ৯৭ শতাংশের হাম পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৯ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকী।

গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ পরিচালক মুস্তাফিজুর রহমান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে