প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত ও বিস্ফোরক মামলাসহ ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ গাজীপুরে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য জানান। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জিএমপি কমিশনার চৌহান বলেন, “আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ওই গাড়িতে দায়িত্বে থাকা সদস্য ও চালকও রয়েছেন। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে গঠিত ওই কমিটি ঘটনাটি তদন্ত করবে।”
পুলিশ ও কারা সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার মহানগর আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ টয়লেটে যাওয়ার কথা বলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাইমাইল ময়লার বাগার এলাকায় প্রিজন ভ্যানটি থামানো হলে পুলিশের এক এসআই তাকে নিয়ে নিচে নামেন। এ সময় ওই এসআইকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যান রাজা।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হোসেন বলেন, ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে এক বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাজা ওরফে পিচ্চি রাজা বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন। রোববার ঢাকার আদালত থেকে কারাগারে ফেরার পথে তিনি পালিয়ে গেছেন।
পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। গত ১৯ মে নেপাল থেকে ফেরার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
পুলিশ বলছে, এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
















