দেশে বিদ্যুতের ঘাটতি নেই, কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৯: ১৮

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না; বরং ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে।’

রোববার ( ৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে সরকার পূর্বপরিকল্পনা অনুযায়ী চাহিদা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ২০২৬ সালের বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল গ্রামীণ এলাকায় পাঁচ থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ তুললে মন্ত্রী বলেন, বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং প্রযুক্তিগত সমস্যার কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, “লোডশেডিং বলতে বিদ্যুতের ঘাটতির কারণে সরবরাহ বন্ধ থাকাকে বোঝায়। বর্তমানে দেশে সেই ধরনের কোনো ঘাটতি নেই।”

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী জানান, দেশের গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। একই সঙ্গে ৭ হাজার ৯২৮ মেগাওয়াট সক্ষমতার ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগ বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ৬৬৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ১৫টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র প্রক্রিয়া চলছে। এসব প্রকল্প ২০২৯-৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ১ হাজার ১৭২ মেগাওয়াট সক্ষমতার ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। পাশাপাশি শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

তবে ভবিষ্যতে তীব্র দাবদাহ বা অস্বাভাবিক পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে কিছু এলাকায় সীমিত পরিসরে লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

খুলনা অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্যাস সংকটের কারণে রূপসার দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। ভোলা থেকে গ্যাস সরবরাহের পরিকল্পনা বাস্তবায়িত হলে কেন্দ্র দুটি চালু করা সম্ভব হবে।

এ ছাড়া চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সৌরবিদ্যুৎভিত্তিক বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান বিদ্যুৎমন্ত্রী।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে