জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৬, ২২: ১৫
ড. খলিলুর রহমান। ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এ পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে চার দশক পর ফের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১ ভোট।

সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

বৈশ্বিক পর্যায়ে মর্যাদাপূর্ণ এ নির্বাচনে জয়ের পর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বলেছে, এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রতি যে আস্থা ও বিশ্বাস প্রদর্শন করা হয়েছে, সেজন্য বাংলাদেশ সরকার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং কার্যকর বৈশ্বিক সহযোগিতা এগিয়ে নিতে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

খলিলুর রহমানের বিজয়ে ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবে। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।

এরপর গত চার দশকে আর কখনো ইউএনজিএর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি বাংলাদেশ। এর মাঝে অবশ্য ২০১৬-১৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ও ২০২১ সালে ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহসভাপতির দায়িত্ব পালন করেছে।

আগামী সেপ্টেম্বরে বসবে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন। প্রায় চার বছর আগে এ অধিবেশনের জন্য বাংলাদেশ সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছিল। গত বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে এ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তখনকার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলে তৌহিদ হোসেনকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে হয়। পরে বিএনপি সরকার গঠন করলে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের পর সাধারণ পরিষদকক্ষে খলিলুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার পাশে ছিলেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ
জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের পর সাধারণ পরিষদকক্ষে খলিলুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার পাশে ছিলেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

বাংলাদেশের মতো সাইপ্রাসও এ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিল আগেই। শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করে ফিলিস্তিনও। বাংলাদেশ ও ফিলিস্তিন ভ্রাতৃপ্রতিম দেশ হওয়ায় ফিলিস্তিনের সঙ্গে নির্বাচন করা নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ। কারণ ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তখন বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখলেও প্রত্যাহার করেনি। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিন সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয় শুধু বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

প্রধানমন্ত্রীর অভিনন্দন

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফল ঘোষণার পর এক বার্তায় তিনি এই নতুন দায়িত্ব পালনে খলিলুর রহমানের সর্বাত্মক সাফল্য কামনা করেন তিনি।

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তারেক রহমান বলেন, এ অর্জন বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

চীন-ভারতের অভিনন্দন

খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন ও প্রতিবেশী ভারত। তার এই জয় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি বহন করে বলে উল্লেখ করেছে চীন।

রাতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বার্তায় আরও বলা হয়, চীন আশা ও বিশ্বাস করে, নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন, সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন, সংলাপ ও পরামর্শকে উৎসাহিত করবেন এবং বহুপাক্ষিকতার ভিত্তিকে আরও সুসংহত করবেন। খলিলুর রহমানকে তার দায়িত্ব পালনে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছে চীন।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিনন্দন জানিয়েছেন খলিলুর রহমানকে। নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নেওয়া এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৬ ঘণ্টা আগে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরে বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম

৭ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৮ ঘণ্টা আগে