সীমান্তে ২৪ ঘণ্টায় ১০ দফা ‘পুশইন’ চেষ্টার দাবি বিজিবির, সতর্কতা জোরদার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি

ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশইন) অন্তত ১০টি চেষ্টা গত ২৪ ঘণ্টায় প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘অবৈধ অভিবাসী’ শনাক্ত ও ফেরত পাঠানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মে মাসের শুরুতে পশ্চিমবঙ্গ সরকার নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়নের ঘোষণা দেয়। পাশাপাশি সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টারও স্থাপন করা হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নথিপত্রবিহীন শত শত মানুষকে আটক করে সীমান্তবর্তী বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতির কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকারও সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানায়। গত ১ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছিলেন, বাংলাদেশে কাউকে জোর করে ঠেলে পাঠানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে। একইসঙ্গে আগামী ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ বৈঠকে পুশইনসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসবে বলেও তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের একাধিক প্রচেষ্টার তথ্য তুলে ধরা হয়েছে। ঝিনাইদহের যাদবপুর সীমান্তে ৪ থেকে ৫ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। মহেশপুর সীমান্তে বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জনকে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয় বলে জানায় বিজিবি। তবে টহল দল ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ তাদের সরিয়ে নেয়।

এ ছাড়া, যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তে কয়েকজন নারী-পুরুষকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা যায়। বিজিবির তৎপরতার কারণে তাদেরও সরিয়ে নেওয়া হয়। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে প্রায় ১০ জনকে একত্রিত করে রাখার তথ্য পায় বিজিবি। পরে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সতর্ক অবস্থান নেওয়ায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিপরীতে তিনটি হোল্ডিং সেন্টারে চারজন মুসলিম নাগরিককে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়ার কথা জানিয়েছে বিজিবি। ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করেনি বিএসএফ।

পঞ্চগড়ের রওশনপুর সীমান্ত দিয়ে একজনকে পুশইন করা হলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবিকে খবর দেয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তসংলগ্ন ভারতের মালদা জেলার একটি হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে বিএসএফের কাছে হস্তান্তরের তথ্যও পেয়েছে বিজিবি। তাদের বাংলাদেশে পাঠানোর আশঙ্কায় ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

সিলেটের উৎমাছড়া সীমান্তে স্থানীয়দের হাতে আটক দুই সন্দেহভাজন ব্যক্তিকে যাচাই করে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। পরে নিয়ম অনুযায়ী তাদের ভারতে ফেরত পাঠানো হয়। নেত্রকোণার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের একটি বিদ্যালয়ে ১৫ থেকে ২০ জনকে জড়ো করে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া না থাকায় ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যে কোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

৫ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

২১ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে
Advertisement