একটি স্বপ্নপোড়া বিকেলের গল্প

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিধ্বস্ত হওয়া বিমান উদ্ধারে কাজ চলছে। ইনসেটে তৌকির ইসলাম সাগর। ছবি: ফোকাস বাংলা

সকালটা ছিল অন্যরকম। রাজশাহীর উপশহর ৩ নম্বর সেক্টরের একটি ছোট্ট ভাড়া বাড়ির ঘরে তখন উৎসবের আবহ। সাগর যে আজ একা উড়বে আকাশে!

সাগর। পুরো নাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, আজই প্রথমবারের মতো একা চালাতে যাচ্ছিলেন প্রশিক্ষণ বিমান। ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে যে ছেলেটা বলত, ‘আমি আকাশে উড়ব’, সেই সাগরের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছিল। তাই সকাল থেকেই রাজশাহীর এ পরিবার থেকে তাই ফোনে ফোনে খবর যাচ্ছিল আত্মীয়স্বজনদের কাছে, ‘সাগর আজ একা উড়বে!’

কিন্তু দুপুর গড়াতেই সবকিছু বদলে গেল। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার খবরে কেঁপে উঠল মা-বাবার বুক। নিশ্চিত হওয়া গেল কিছুক্ষণের মধ্যেই— সেই বিমানেই ছিলেন তৌকির। উচ্ছ্বাসের সুর থেমে কান্নার রোল উঠল সেই বাড়িতে।

বিকেলে আশ্রয় ভবনের সামনে দাঁড়ালে বাইরে থেকেও শোনা যাচ্ছিল কান্নার শব্দ। প্রতিবেশীদের চোখেও জল, মুখে শুধু একটাই কথা— ‘সাগর তো ওড়ার আগেই হারিয়ে গেল।’

তৌকিরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। সারা জীবন ছেলের স্বপ্নকে বাস্তব করতে পরিশ্রম করেছেন। মা সালেহা খাতুন ছিলেন ছায়া হয়ে পাশে। বড় হয়ে যখন জানাল উড়োজাহাজ চালাতে চায়, মা বলেছিলেন— ‘ভয় লাগে, কিন্তু গর্বও হয়।’

সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায়। বোন বৃষ্টি আর ভগ্নিপতিও থাকেন একই বাড়িতে। আজ সবাই বাকরুদ্ধ, পাথরের মতো নিস্তব্ধ।

তৌকিরের ডাকনাম ছিল ‘সাগর’। সেই নামের মতোই গভীর ছিল তার স্বপ্ন আর ভালোবাসা— আকাশের প্রতি, দেশের প্রতি।

সেই স্বপ্ন নিয়ে দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড়েছিলেন সাগর। তার সেই উড়ান স্থায়ী হয়েছিল মাত্র ১২ মিনিট। যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে দুপুর ১টা ১৮ মিনিটের মাথায় উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমান নিয়ে বিধ্বস্ত হয়ে পড়েন সাগর।

মেজো চাচা মতিউর রহমান জানালেন, বিমান বিধ্বস্ত হওয়ার পরই তারা মেনে নিয়েছিলেন, সাগরকে আর তাদের মধ্যে ফিরে পাবেন না। তাদের সে আশঙ্কা সত্যি হয় বিকেল সাড়ে ৪টা নাগাদ। বিমান বাহিনী থেকে জানানো হয় সাগরের মৃত্যুর খবর।

পরে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টারও পাঠানো হয় সাগরের বাড়িতে। বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে সেই হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

সাগরের চালানো সে বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছেন ১৭১ জন।

তবে এত হতাহতের খবরের মধ্যেও আজ রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরের ছোট্ট ভাড়া ঘরে বড় খবর একটাই— সাগর আর কোনোদিন উড়বে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

৬ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

৭ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

৮ ঘণ্টা আগে

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৮ ঘণ্টা আগে