এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ মন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ মন্ত্রীর

দেশে এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা তদন্ত করে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিসিদের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কেন সংকটের কথা শোনা যাচ্ছে এবং কোথাও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ডিসিদের বলা হয়েছে।

জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইকবাল হাসান মাহমুদ। যেসব এলাকায় সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট তৈরি কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement