এমপি মিষ্টির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে এই প্রথম কোনো সংসদ সদস্য পদত্যাগ করলেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল বিএনপির এই সংসদ সদস্যের বিরুদ্ধে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এমপি মিষ্টির পদত্যাগ ও আসন শূন্য হওয়ার তথ্য জানান। পরে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পত্র দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবো। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।
পরে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করেছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর (নারী আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে (১ অক্টোবর) শূন্য হয়েছে।
এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ মে সংরক্ষিত আসনের অন্য নারী সংসদ সদস্যদের সঙ্গে তিনিও শপথ নেন।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুরের ঘটনায় সপ্তাহ জুড়েই আলোচনা-সমালোচনায় ছিলেন এমপি মিষ্টি। অভিযোগ উঠেছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখলের জন্য তার নির্দেশেই হামলা চালানো হয়।
গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। রাড্ডা এমসিএইচ-এফপিতে হামলা-ভাঙচুরের ঘটনার জের ধরে বুধবার তার নেতৃত্বাধীন ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিটি ভেঙে দিয়েছে বিএনপি।
মিষ্টি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্বামীর মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।




-61303c.jpg)












