রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্য কোনো বৈশ্বিক সংকটের আড়ালে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক অঙ্গন থেকে হারিয়ে না যায়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে চাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ প্রায় নয় বছর ধরে মানবিক কারণে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে দীর্ঘ সময় ধরে তাদের অবস্থানের কারণে ক্যাম্পে অপরাধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে।

ক্যাম্প ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ক্ষেত্রে ক্যাম্পের চারপাশে বেড়া নির্মাণ এবং নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এবং ১৯৯২ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান সরকারও প্রত্যাবাসন সফল করতে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে রোহিঙ্গাবিষয়ক জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা, সীমান্ত ব্যবস্থাপনা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিও কাজ করছে।

অনির্দিষ্টকাল শুধু মানবিক সহায়তা দিয়ে যাওয়ার পরিবর্তে প্রত্যাবাসনকেন্দ্রিক রূপান্তরকালীন কৌশল গ্রহণের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

সভায় ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি, বিআইআইএসএসের মহাপরিচালক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।

৫ ঘণ্টা আগে

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

৫ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়। পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেও

৮ ঘণ্টা আগে

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

এর আগে বিভিন্ন দাবিতে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় এবং স্থবির হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

১৮ ঘণ্টা আগে
Advertisement