প্রতিমন্ত্রীর ছেলের নামে ইউনিয়ন, বদলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুন ২০২৬, ২২: ২৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী তারেক রহমান (ডানে)। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসকের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানি করা হবে বলা জানানো হয়েছে।

এদিকে নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে দাপ্তরিক চিঠি আসতে পারে জানা গেছে। জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে।

স্থানীয়দের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে। একইভাবে তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নামে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে নামগুলো নির্ধারণ করেছে। সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্য ইউনিয়নের নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। তার ভাষায়, ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই।’

তবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম মানিকসহ কয়েকজন নেতা ইউনিয়নগুলোর নামকরণের প্রস্তাব দেন। পরে উপজেলা প্রশাসন সেই নামগুলো জেলা প্রশাসকের কাছে পাঠায় এবং পরবর্তীতে গেজেট জারি করা হয়।

এদিকে নামকরণ নিয়ে বিতর্ক চলমান থাকলেও বৃহস্পতিবার (১৮ জুন) চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মীরবাড়ি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, স্বর্ণগ্রাম ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নবগঠিত ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১০ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১১ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১৩ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

১৩ ঘণ্টা আগে