ডাকসুতে মুক্তিযুদ্ধের ইতিহাসের যথাযথ সংরক্ষণ নিশ্চিতের আহ্বান উদীচীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যথাযথ প্রেক্ষাপটে সংরক্ষণ ও প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির মতে, সংগ্রহশালাটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা না হয়ে তথ্য, দলিল ও বহুমাত্রিক ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের উন্মুক্ত শিক্ষাক্ষেত্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

সংস্কার শেষে গতকাল রোববার ডাকসু সংগ্রহশালা চালু করা হয়। নতুন করে সাজানো সংগ্রহশালায় স্বাধীনতাসংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কোনো ছবি রাখা হয়নি। এর পরিবর্তে পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি স্থান পেয়েছে। এ ছাড়া ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের পর্যায়, ১৯৬৬ ও ১৯৬৯ সালের আন্দোলন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং রাজাকারদের তালিকার মতো বিষয়ও সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

সংগ্রহশালার উপস্থাপনায় এসব পরিবর্তন নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডাকসু কর্তৃপক্ষের প্রতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যথাযথ প্রেক্ষাপটে সংরক্ষণ ও প্রদর্শন নিশ্চিত করার আহ্বান জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগীতা ইমাম।

বিবৃতিতে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা শুধু ছবি প্রদর্শনের জায়গা নয়; এটি একটি জাতির রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক স্মৃতির গুরুত্বপূর্ণ দলিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের সংগ্রহশালায় কোন ছবি থাকবে, কোনো ঘটনাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের কোন প্রেক্ষাপটে তুলে ধরা হবে— এসব সিদ্ধান্ত অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে নেওয়া প্রয়োজন।

উদীচী বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পরস্পরের সঙ্গে যুক্ত। একই সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রব্যবস্থা, এর রাজনৈতিক চরিত্র এবং বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে তার সম্পর্কও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

সংগঠনটির মতে, ঐতিহাসিক ব্যক্তিত্ব বা আলোকচিত্রকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করলে ইতিহাসের পূর্ণাঙ্গ উপলব্ধি বাধাগ্রস্ত হতে পারে। ইতিহাস মুছে ফেলা নয়, বরং এর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরাই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব।

উদীচী মনে করে, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল এবং আলোকচিত্র যথাযথ মর্যাদা ও প্রাসঙ্গিকতার সঙ্গে সংরক্ষণ ও প্রদর্শন করা জরুরি। ইতিহাসের নির্বাচিত অংশকে সামনে এনে অন্য গুরুত্বপূর্ণ অধ্যায়কে আড়াল করা হলে একটি সংগ্রহশালা তার শিক্ষামূলক ও সাংস্কৃতিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না।

উদীচী শিল্পীগোষ্ঠী ডাকসু কর্তৃপক্ষের প্রতি যেসব আহ্বান জানিয়েছে—

১. সংগ্রহশালায় প্রদর্শিত সব ঐতিহাসিক ছবি ও দলিলের সঠিক ঐতিহাসিক প্রেক্ষাপট ও তথ্যসূত্র নিশ্চিত করতে হবে।

২. ভাষা আন্দোলন, গণআন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যথাযথ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ঘটনাবলির ঐতিহাসিক দলিল যথাযথ মর্যাদায় সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

৪. সংগ্রহশালার ভবিষ্যৎ সংস্কার ও কিউরেশনে ইতিহাসবিদ, মুক্তিযুদ্ধের গবেষক, সংস্কৃতিকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের মতামত গ্রহণ করা উচিত।

৫. সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা না বানিয়ে তথ্য, দলিল, গবেষণা ও বহুমাত্রিক ঐতিহাসিক স্মৃতির একটি উন্মুক্ত শিক্ষাক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে।

বিবৃতিতে উদীচী বলেছে, একটি জাতির ইতিহাসের মধ্যে তার সংগ্রাম, অর্জন, ভুল, বেদনা ও প্রতিরোধের সম্মিলিত স্মৃতি থাকে। তাই সেই স্মৃতি সংরক্ষণে খণ্ডিত উপস্থাপন, রাজনৈতিক সুবিধাবাদ বা ইতিহাসের পুনর্লিখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে— আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর

ইসি মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোট হতে পারে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।

৮ ঘণ্টা আগে

ডাকসুতে এবার সাঁটানো হলো গোলাম আযমকে ‘জুতোপেটা’র ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি সাঁটানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নামিয়ে ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী

ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবির ফ্রেম দেয়াল থেকে নামিয়ে ছবিটি বের করে ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি।

১০ ঘণ্টা আগে
Advertisement