দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি পাম্প বন্ধ: মালিক সমিতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮: ১৩
সোমবার জরুরি সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত

দেশে সার্বিক গ্যাস সংকট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ৩০ জুলাই ঘোষিত দেশব্যাপী ১৮ ঘণ্টার প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দীর্ঘদিনের দাবি আদায়ে সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৩ আগস্ট থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএনজি বিক্রিতে পাম্প মালিকদের কমিশন বৃদ্ধি সংগঠনের অন্যতম প্রধান দাবি। নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন মাত্র ৮ টাকায় স্থির রয়েছে। অথচ গত এক যুগে মূল্যস্ফীতি, বিদ্যুৎ ও গ্যাসের দাম, শ্রমিকদের মজুরি, খুচরা যন্ত্রাংশের মূল্য, সরকারি লাইসেন্স নবায়ন ফি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি ইজারা ফি কয়েক গুণ বেড়েছে। ফলে বর্তমান কমিশনে পাম্প পরিচালনা করে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন্ধ করা এবং সরকারি বিভিন্ন সংস্থার ইজারা ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনারও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সদস্য রেজাবুদ্দৌলা চৌধুরী সিএনজি খাতের দীর্ঘদিনের সংকট, সরকারি নীতির সীমাবদ্ধতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, "২০০১ সালে পরিবেশবান্ধব একটি খাত হিসেবে এই খাতের যাত্রা শুরু হয়েছিল, অথচ গত ১৫ বছর ধরে এটিকে সম্পূর্ণ অবহেলা ও রাজনৈতিক দলন-পীড়নের শিকার বানানো হয়েছে। নতুন কোনো সিএনজি স্টেশন চালু করতে দেওয়া হয়নি, এমনকি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে যন্ত্রপাতি ইমপোর্ট করার পরও পাম্প চালুর অনুমোদন আটকানো হয়েছে। ফলে একের পর এক শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং বহু পাম্প বন্ধ হয়ে গেছে।"

রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, "দেশে গ্যাস অনুসন্ধানে নজর না দিয়ে এলএনজি আমদানির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পাম্পগুলোতে ১৫ পিএসআই-এর জায়গায় মাত্র ২ থেকে ৪ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। এ কারণে ইরান-আমেরিকা যুদ্ধ বা মহেশখালীর টার্মিনাল বিপর্যয়ের অজুহাতে পুরো দেশের জ্বালানি খাত আজ থমকে গেছে।

তিনি জোর দিয়ে বলেন, পরিবেশবান্ধব এই খাতটিকে রক্ষা করতে এবং আমদানিনির্ভরতার আত্মঘাতী পথ থেকে দেশকে বের করতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন, তবেই কেবল সিএনজি সেক্টর রক্ষা পাবে এবং জ্বালানি সংকটের টেকসই সমাধান সম্ভব হবে।"

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা শুধুমাত্র গণপরিবহনে গ্যাস সরবরাহের অনুমতি থাকলেও কিছু স্টেশন থেকে অবৈধভাবে শিল্পকারখানায় গ্যাস সরবরাহের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর এ বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, "সিএনজি স্টেশনগুলোতে যেন কোনো ধরনের অবৈধ বা বিধিবহির্ভূত কাজ না ঘটে, সে বিষয়ে অ্যাসোসিয়েশন কঠোর অবস্থান নিয়েছে। তবে শিল্পে গ্যাস সংকটের কারণে বিজিএমইএ ও বিকেএমইএর মতো পোশাক শিল্প সংগঠনগুলোর আবেদনে অনেক স্টেশন কাভার্ড ভ্যানে ক্যাসকেডের মাধ্যমে গ্যাস দিতে বাধ্য হয়। পূর্বে টঙ্গীতে ক্যাসকেডে গ্যাস নিতে গিয়ে বিস্ফোরণে ৫-৬ জনের প্রাণহানির পর থেকে সংগঠন থেকে সব পাম্পে রাতে মনিটরিং চালানো হয় এবং বিকল্প মাধ্যমে গ্যাস সরবরাহ না করতে কঠোর বার্তা দেওয়া হচ্ছে।"

ফারহান নূর বলেন, "পোশাক শিল্পের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে তারা পেট্রোবাংলার কাছে সুনির্দিষ্ট মতামত ও নির্দেশনা চেয়েও অদ্যাবধি কোনো জবাব পাননি। পেট্রোবাংলা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় এই অস্পষ্টতার সৃষ্টি হয়েছে। যদি আইনানুযায়ী বিকল্প মাধ্যমে গ্যাস দেওয়া নিষিদ্ধ হয় তবে সরকার ব্যবস্থা নিক, কিন্তু শিল্প বাঁচাতে হলে সিএনজি স্টেশনের মাধ্যমে আলাদা কমপ্রেসড সিস্টেমে সরবরাহ দেওয়ার জন্য স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন করা উচিত। বর্তমান পরিস্থিতিতে সিএনজি চালিত নিবন্ধিত যানবাহন ছাড়া অন্য কোনো বিকল্প মাধ্যমে গ্যাস না দেওয়ার জন্য সব পাম্প মালিকদের প্রতি প্রতিনিয়ত কঠোর বার্তা পাঠানো হচ্ছে।"

সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরীসহ শীর্ষ নেতারা আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।

আমিরুজ্জামান চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক অবহেলা ও সার্বিক অব্যবস্থাপনার কারণে বর্তমানে অনেক পাম্প সচল রাখাই কঠিন হয়ে পড়েছে। গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এবং দীর্ঘদিন ধরে কমিশন সমন্বয় না হওয়ায় অধিকাংশ পাম্প মালিক লোকসানে ব্যবসা চালাচ্ছেন এবং অনেকেই দেউলিয়া হওয়ার পথে।

তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও জ্বালানি মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। একাধিকবার বৈঠকের আবেদনও জানানো হলেও কার্যকর কোনো প্রশাসনিক সহায়তা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পাম্প মালিকরা সাধারণ মানুষ কিংবা গণপরিবহনকে জিম্মি করতে চান না। সার্বিক গ্যাস সংকট ও জনভোগান্তির বিষয়টি বিবেচনা করেই ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী ২২ আগস্টের মধ্যে সরকার যদি দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে ২৩ আগস্ট থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়। দুর্ঘটনার পর প্রথম দিকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করা হলেও ছয় দিন পরও সংকট কাটেনি। বরং সময়ের সঙ্গে এর প্রভাব আরও বিস্তৃত হয়েছে। সরকার এখন বলছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদে

৭ ঘণ্টা আগে

বৈরী আবহাওয়া কাটিয়ে আজ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু

রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

৯ ঘণ্টা আগে

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব

১০ ঘণ্টা আগে

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

২০ ঘণ্টা আগে