ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে হিফযুল কোরআন প্রতিযোগিতা

কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিত করতে এবং ইসলামি সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করছে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা। এতে নাম নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩১ মার্চ, এবং উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে ১ এপ্রিল।
আজ মঙ্গলবার (৩ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের সই করা এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ৩টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
- ‘ক’ গ্রুপ: তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর)
- ‘খ’ গ্রুপ: তাজবিদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর)
- ‘গ’ গ্রুপ: তাজবিদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর)
জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারকারীরা পাবেন ২ লাখ টাকা করে। দ্বিতীয় পুরস্কার নির্ধারণ করা হয়েছে দেড় লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হবে। তিনটি গ্রুপে ৯ জন বিজয়ী মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার পাবেন। এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।
প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে লিখিত দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিতে হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ ৫ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন।














-f7dee2-256x144.webp)


