গোপালগঞ্জে সংঘর্ষ-রক্তপাত এড়ানো যেত: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে দিনভর ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই জোট মনে করে, প্রশাসন চাইলে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও রক্তপাত অবশ্যই এড়ানো যেত।

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রেস টিম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নত করে আইনের আওতায় আনাসহ ছয়টি দাবি জানিয়েছেন শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতির প্রচারণা ছিল। বিভিন্ন উৎস থেকে প্রচারণা চালানো হচ্ছিল যে এই কর্মসূচির নামে এনসিপি শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা করবে। কোনো কোনো এনসিপি নেতার ফেসবুক পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তাছাড়া অন্যান্য জেলা ‘জুলাই পদযাত্রা’ কেন এ জেলায় ‘মার্চ টু গোপালগঞ্জ’ হয়ে গেল, সেটিও নানা মহলে প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, সরকারের গোয়েন্দা সংস্থা ও প্রশাসন এনসিপির সমাবেশে নিরাপত্তা দেয়নি, বরং তাদের ভুল তথ্য দিয়ে আক্রমণের মুখে ফেলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। ঘটনার দিন সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকে।

পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলা থেকে শুরু করে বুধবারের ঘটনাপ্রবাহ বিজ্ঞপ্তিতে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত যে পাঁচজন নিহত হয়েছেন, তাদের সবার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তাদের অন্তত তিনজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আরও বলছে, ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে জড়ো হন। প্রশাসন সব জেনেও প্রতিরোধ করেনি। সমাবেশ ঘিরে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে— স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন, তার কাছে এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য ছিল! তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা ঠেকাতে ব্যর্থ হলো কেন— এ প্রশ্নও তুলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জোটটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের ময়নাতদন্ত না করা এবং এ ঘটনায় আটক করা এক ব্যক্তিকে বুট দিয়ে পিষে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করার অভিযোগও উঠেছে, যা উদ্বেগজনক ও মানবাধিকার লঙ্ঘন। এসব ঘটনা রাষ্ট্রীয় সহিংসতার চিহ্ন বহন করে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গোপালগঞ্জে তারা ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করেনি। অথচ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দৃশ্যসহ স্পষ্টভাবে গুলির শব্দ শোনা গেছে। এ ধরনের নৃশংস বলপ্রয়োগ, নির্বিচারে গুলি চালানো ও প্রাণহানির ঘটনা দেশের মানবাধিকারের মূল্যবোধ, গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি, যা আমাদের মাত্র এক বছর আগের জুলাই হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাগরিকের জীবন রক্ষা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব এবং সে কাজে ‘ডিউ ডিলিজেন্স’ রক্ষা করা অপরিহার্য। গোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্র সে দায়িত্ব পালনে কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ ঘটনার কয়েকদিন পেরোলেও সরকারি বাহিনীর গ্রেফতার আতঙ্কে দিন কাটছে গোপালগঞ্জের নিরীহ সাধারণ মানুষদের, যা অত্যন্ত উদ্বেগজনক।

গোপালগঞ্জে গণগ্রেপ্তার ও সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি মামলায় ৩০০৮ জনকে আসামি করে এ পর্যন্ত ২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন শিশুও (অনুর্ধ্ব-১৮) রয়েছে, যা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে।

রাষ্ট্রীয় ব্যর্থতা ও সরকারের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, একদিকে এনসিপির সমাবেশে সহিংস হামলা, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাকাণ্ড— উভয়ের মধ্যেই রয়েছে সুস্পষ্ট রাষ্ট্রীয় ব্যর্থতার ছাপ। সেদিনের ঘটনার ভয়াবহতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা মর্মাহত। সরকারের দায়িত্বহীন এমন আচরণ গণতন্ত্রের আগামী দিনের পথকে বন্ধুর করতে পারে— এ আশঙ্কায় আমরা উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তীব্র নিন্দা জানাচ্ছে। সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি করেছে সরকার। আমরা আশা করি, তদন্তের নামে ঢালাওভাবে মামলা দায়ের করা, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানির আশ্রয় নেওয়া হবে না। সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে কি না, তদন্তে সেটিও স্পষ্ট হওয়া উচিত। তার আগে যেভাবেই হোক গোপালগঞ্জে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ছয়টি দাবি তুলে ধরেছে। দাবিগুলো হলো—

  • ১৬ জুলাইয়ের ঘটনার তদন্তের নামে ঢালাওভাবে যেন মামলা দেওয়া, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানির আশ্রয় নেওয়া না হয়, সেটি নিশ্চিত করতে হবে;
  • আহতদের চিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং সত্য উদঘাটনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে;
  • এনসিপির ওপর হামলার পেছনে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি সমাবেশে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে তার জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। প্রাণঘাতী অস্ত্র দিয়ে নাগরিক হত্যার দায় যাদের, তাদের চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে;
  • এনসিপি ও পতিত আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক পক্ষকে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির পরিবর্তে দায়িত্বশীল আচরণ করতে হবে। অভ্যুত্থানের এক বছর পর যেমন যেকোনো স্থাপনা ভাঙচুর করা অগ্রহণযোগ্য, তেমনই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির মাধ্যমে সমাজে নিরন্তর ভীতি ও সহিংসতা উৎপাদনও গ্রহণযোগ্য নয়;
  • সর্বস্তরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার ও গণতান্ত্রিক আচরণ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে হবে; এবং
  • এ ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পরবর্তী সময়ে যেন কোনো নিরীহ মানুষ হয়রানি বা সহিংসতার শিকার না হন এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের নজির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে।
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত ৩১ জন ক্রু-এর সবাই বাংলাদেশি এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন।

২ ঘণ্টা আগে

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

২০ জুন তার চলে যাওয়ার সংবাদে মনটা ভীষণ ভারী হয়ে গেল। চোখ ছলছল করে উঠল আর চোখের সামনে ভেসে উঠল সেই পুরোনো স্মৃতি। মামার অফিসকক্ষ, হকিস্টিক হাতে দাঁড়িয়ে থাকা সেই ছবি। সাদেক মামা আপনার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত। দেশ একজন দক্ষ সংগঠক ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।

২ ঘণ্টা আগে

ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

সেখানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা যেন কোনো কর্মসূচি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আজ কাউকে ৩২ নম্বর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা অবস্

৫ ঘণ্টা আগে

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৫ ঘণ্টা আগে