‘মঙ্গলবার বোমা হামলা হবে’— ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে হুমকি, থানায় জিডি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার ই-মেইলে এই হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে তারা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ‘[email protected]’ ঠিকানা থেকে হুমকির ই-মেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার একাধিক বোমা হামলার কথা উল্লেখ করে বলা হয়, ‘যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না।’
বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন সোমবার বলেন, বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠিয়ে ব্যাপক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ বলেন, ই-মেইল পাওয়ার পরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় সহযোগিতা পাচ্ছে। শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার বিষয়টিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় এ ঘটনায় বাড্ডা থানায় জিডি করে। পুলিশ হুমকির ই-মেইলটি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে।












-e8d740-256x144.webp)
-6731a8-256x144.webp)

-9c3647-256x144.webp)

