প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় নির্বাচন সঠিক সময়েই: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলীয় মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন ‘সঠিক সময়ে’ই হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার রাতে স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে ছয় সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তারা হলেন ঢাকা দক্ষিণ সিটিতে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটিতে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটিতে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটিতে মো. শওকত হোসেন সরকার।

প্রশাসক নিয়োগে সিটি করপোরেশনগুলোর নির্বাচন পিছিয়ে যাচ্ছে কি না— এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কতগুলো নিয়ম-কানুন আছে। সিটি করপোরেশন যেগুলো, তার মধ্যে কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে নির্বাচনগুলোর ব্যবস্থা করব। নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।’

সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীদের কোন যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের আদর্শ-নীতির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা থাকতে হবে। দলের জন্য ত্যাগ থাকতে হবে। আমাদের দলের মধ্যে যারা দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন, যাদের ত্যাগ-তিতীক্ষা রয়েছে, তাদের প্রাধান্য দেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান ক্ষমতাসীন দলটির মহাসচিব মির্জা ফখরুল। সেখানে নেতাকর্মী-সমর্থক ও অফিস কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে গেলেন তিনি।

কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এই কেন্দ্রীয় অফিস, এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় অফিস। এখান থেকে পরিচালিত হয়েছে গণতন্ত্রের উত্তরণের, সংগ্রামের সমস্ত আন্দোলন। এই অফিস থেকেই আমরা আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে বহু সমাবেশ করেছি, যেগুলো জনগণকে অনুপ্রাণিত করেছে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য।’

তিনি আরও বলেন, আজ খুব কষ্টের সঙ্গে আমাদের স্মরণ করতে হয় যে আমাদের সেই মহান নেত্রী, যিনি আমাদের বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ও নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে গণতন্ত্রকে আমরা ফিরে পেয়েছি, সেই খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আমি বিশ্বাস করি, খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়, আমাদের এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম একজন নেতা। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তাকে যেন বেহেশতে নসিব করা হয়।

এ সময়ে বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যন তপন কুমার মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০%

গবেষণাটি দেশের ৩২টি জেলায় জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ সময়কালে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত ৪ হাজার ৪০টি মামলার নথি ও রেজিস্টার পর্যালোচনার ভিত্তিতে করা হয়। গবেষণায় নিষ্পত্তি হওয়া মামলাগুলোর ক্ষেত্রে মামলার সময়সীমা, মুলতবির সংখ্যা, সময় আবেদনের পুনরাবৃত্তি, মামলার ধরন ও নিষ্পত্তি, সাক্ষী ও অভিযুক্তের ত

৬ ঘণ্টা আগে

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও রেশনিংয়ের দাবি

অতিবৃষ্টিতে ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি। একই সঙ্গে পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করে রেশনিং ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

৬ ঘণ্টা আগে

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

৬ ঘণ্টা আগে

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৭ ঘণ্টা আগে