তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের মধ্যে সপ্তম পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ সভা (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) বুধবার (১২ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি।

বৈঠকে জাপানের মন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।

সভায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় ও গভীর করার বিষয়ে উভয়পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনা হয়।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর উঠে আসে। এর মধ্যে ছিল উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সবুজ জ্বালানি, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ), বিগ-বি উদ্যোগ এবং প্রতিরক্ষা সহযোগিতা।

এ ছাড়া দুই দেশ জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় এবং জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা নিয়েও মতবিনিময় করে।

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।

তিনি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, বিগ-বি উদ্যোগ এবং সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সম্প্রতি পাঁচটি টহল নৌযান হস্তান্তরকে স্বাগত জানান।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব দুই দেশের সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব আরও বিস্তৃত ও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিগ-বি উদ্যোগের আওতায় বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতার প্রশংসা করেন। এ উদ্যোগের আওতায় মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

উভয়পক্ষই জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। বিশেষ করে জাপানে বাংলাদেশি নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মীদের (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার) কাজের সুযোগ বাড়ানো, শিক্ষা, সংস্কৃতি ও নাগরিক সমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

পারস্পরিক বোঝাপড়া ও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে এ ধরনের বিনিময় কর্মসূচি বাড়ানোর জন্য জাপানের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের কারণে বাংলাদেশের ওপর তৈরি হওয়া বড় ধরনের মানবিক ও আর্থসামাজিক চাপের বিষয়টিও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রসচিব পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান। এ সংকটে জাপানের অব্যাহত মানবিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করে। জাতিসংঘ সনদের নীতিগুলো সমুন্নত রাখা এবং বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ ছাড়া অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথা জানায় উভয়পক্ষ।

এ ছাড়া ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশও সুবিধাজনক সময়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকায় সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরবর্তী পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ সভা ২০২৭ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement