৮ মার্চ ১৯৭১: আর দূরে নয় স্বাধীন বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের খবর পরদিনের 'দ্য পিপলে'র সংবাদে, ইনসেটে ওই ভাষণ নিয়ে দৈনিক আজাদে প্রকাশিত খবর। ছবি: সংগৃহীত

আজ থেকে স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি অফিস আদালত, কোর্ট-কাচারি, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেন। সরকারি কর্মচারীদের অফিসে না যাওয়ার নির্দেশ দেন। ভাষণে তিনি খাজনা ট্যাক্সও বন্ধ করে দেন এবং বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে যেন কোন টাকা না যায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে হুঁশিয়ার করে দেন।

প্রেসিডেন্ট ইয়াহিয়ার ডাকা ঢাকায় ১০ মার্চের গোলটেবিল বৈঠক বঙ্গবন্ধু আগেই প্রত্যাখ্যান করেন। ৬ মার্চ দুপুরে প্রেসিডেন্ট ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকেন। গতকালের ভাষণে বঙ্গবন্ধু অধিবেশনে যোগ দিতে যে পূর্বশর্ত দিয়েছেন, পাকিস্তান সরকারের পক্ষে তা মানা সম্ভব হবে না। বঙ্গবন্ধু তার ভাষণে সামরিক প্রেসিডেন্টকে মূলত উপেক্ষা করেছেন। এ কারণেই হয়তো মার্কিন গোপন দলিলে বলা হয়েছে, ৭ মার্চের শেখ মুজিবের ভাষণ স্বাধীনতা ঘোষণার তুল্য।

এ দিকে ভাষণে পর গোটা বাঙালি জাতি নতুন প্রেরণায় উজ্জীবিত। চূড়ান্তভাবে অসহযোগ আন্দোলন সফল করা আর মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়াই বাঙালির করণীয়। এই ভাষণে মুক্তি পাগল বাঙালি স্বাধীন বাংলাদেশর ঠিকানা খুঁজে পায়।

বঙ্গবন্ধুর ভাষণ ৭ মার্চ বেতারে সরাসরি সম্প্রচার করতে দেয়নি সামরিক কর্তৃপক্ষ। তাই বেতার কর্মীরা সকল প্রকার সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেয় এবং বেতারকেন্দ্র ছেড়ে চলে যায়। বঙ্গবন্ধু তার ভাষণে বলেন, ‘রেডিও যদি আমাদের কথা না শোনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, তাহলে টেলিভিশনে যাবেন না।’

বেতারের সম্প্রচার বন্ধ করে দেওয়ায় টনক নড়ে রাওয়ালপিন্ডির। পাকিস্তান থেকে ফোন করে মেজর জেনারেল রাও ফরমান আলীকে বলা হয়, যেকোন উপায়ে পুনরায় সম্প্রচার চালু করতে। বিকেলে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ চলাকালেই পাকিস্তান থেকে ঢাকায় আসেন লে. জেনারেল টিক্কা খান ও মেজর জেনারেল রাও ফরমান আলী। ওই রাতেই বেতার কর্মীদের খুঁজে বের করে সমঝোতায় বসেন রাও ফরমান আলী। বেতার কর্মীরা জানান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে দিলেই তারা সম্প্রচার শুরু করবে। রাও ফরমান আলী এই শর্ত মেনে নেন।

রাতের সমঝোতার সূত্র ধরে আজ সকাল সাড়ে আটটায় ঢাকা বেতার কেন্দ্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার শুরু করে। বাংলার অন্যান্য বেতারকেন্দ্রও ভাষণটি রিলে করে। ফলে গোটা জাতি একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনার সুযোগ পায়। এই সুবাদে বঙ্গবন্ধুও সকালে তার ভাষণ শোনার সুযোগ পান।

৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করলেও ব্যাংক দুইঘন্টার জন্য খোলা রাখার নির্দেশ দেন। আজ রাতে তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তাজউদ্দীন তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিবৃতিতে তাজউদ্দীন জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। পোস্ট অফিসের সেভিংস ব্যাংকও খোলা থাকবে। ব্যাংকগুলো বাংলাদেশের ভেতরে লেনদেন করতে পারবে, তবে এক হাজার টাকা পর্যন্ত প্রদান করা যাবে। কর্মচারীদের বেতন ও শ্রমিকের মজুরি দেওয়া এবং আন্তঃব্যাংক ক্লিয়ারিং ও নগদ লেনদেন করা যাবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে যেসব অফিস কাজ করে, সেগুলো খোলা থাকবে। সার সরবরাহ স্বাভাবিক থাকবে। পাওয়ার পাম্পের জন্য ডিজেল এবং পানি ও গ্যাস সরবরাহ চালু থাকবে। টেলিগ্রাফ, টেলিফোন বাংলাদেশের মধ্যে চালু থাকবে। তবে, সাংবাদিকরা বহির্বিশ্বে সংবাদ পাঠাতে পারবেন।

অপর এক বিবৃতিতে তাজউদ্দীন আহমদ সামরিক শাসকের জারি করা প্রেসনোটের প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকারি প্রেসনোটে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে বলা হয়েছে। প্রেসনোটে বলা হয়, আন্দোলনে ১৭২ জন নিহত এবং ৩৫৮ জন আহত হয়েছেন। প্রেসনোটে শুধু অগ্নিসংযোগ ও লুটপাটের ক্ষেত্রেই গুলিবর্ষণ করার কথিত বক্তব্য সত্যের অপলাপ।

বিবৃতিতে তিনি বলেন, নিজেদের অধিকারের স্বপক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত নিরস্ত্র বেসামরিক অধিবাসীদের ওপরই নিশ্চিতভাবে গুলি চালানো হয়েছে। পুলিশ ও ইপিআর গুলিবর্ষণ করেছে বলে যে প্রচার করা হয়েছে, তা বাঙালিদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে।

এর আগে ডাকসুর সহসভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এবং ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এক যুক্ত বিবৃতিতে বাংলার বর্তমান মুক্তি আন্দোলনকে ‘স্বাধীনতার আন্দোলন’ ঘোষণা করে বঙ্গবন্ধুর ভাষণের প্রতি পূর্ণ সমর্থন জানান।

বিবৃতিতে তারা বলেন, স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক জনসভায় যে প্রত্যক্ষ কর্মসূচি ঘোষণা করেছেন আমরা তার প্রতি পূর্ণ সমর্থন এবং এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য সংগ্রামী জনতার প্রতি আহবান জানাচ্ছি।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরাও স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ৮ মার্চ ব্রিটেন প্রায় ১০ হাজার প্রবাসী বাঙালি লন্ডনস্থ পাকিস্তানি হাইকমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে পরিস্থিতি বিস্ফোরন্মুখ হয়ে ওঠায় এদিন যুক্তরাজ্য ও তৎকালীন পশ্চিম জার্মানির ১৭৮ জন নাগরিক ঢাকা ছেড়ে চলে যান।

ইসলামাবাদে পিপলস পার্টির চেয়াম্যান জুলফিকার আলী ভুট্টো ২৫ মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে আওয়ামী লীগের অংশগ্রহণে বঙ্গবন্ধুর দেওয়া শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

৮ মার্চ ছাত্রলীগ সংগঠনের নাম পরিবর্তন করে। ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’ নাম সংশোধন নামের আগের ‘পূর্ব পাকিস্তান’ অংশটি বাদ দেয়। বঙ্গবন্ধুর নির্দেশে হল মালিকরা আজ থেকে সিনেমা প্রদর্শনীর শুরুতে হলে পাকিস্তানের পতাকা প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশন বন্ধ রাখেন। তারা ‘সিনেমা কর’ না দেওয়ার সিদ্ধান্ত নেন।

Feature-Writer-S-M-Golam-Kibria-03-12-2025.width-800

তথ্যসূত্র:

  • মুক্তিযুদ্ধ যাদুঘর, ঢাকা;
  • দৈনিক ইত্তেফাক, ঢাকা;
  • এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজা, অপারেশন সার্চ লাইট প্রণেতা;
  • ১৯৭১: আমেরিকার গোপন দলিল, মিজানুর রহমান খান।
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

বাংলা নববর্ষ: ঐতিহ্য ও ইতিহাসের অংশ

সম্রাট আকবরের সময়কাল থেকেই আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদ্‌যাপন শুরু হয়। বৈশাখ মাসকে বছরের প্রথম মাস ধরা হয়, কারণ ৯৬৩ হিজরি বছরের মহরম মাস বৈশাখ মাসের সঙ্গে মিলেছিল। সেই হিজরি ও সৌর সনের সংমিশ্রণে তৈরি ‘ফসলি সন’ সময়ের সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতি ও কৃষির সঙ্গে মিশে ‘বঙ্গাব্দ’ বা বাংলা সন নামে পরিচিতি

১৪ দিন আগে

সুরের ভুবনে নক্ষত্র পতন, চিরবিদায় নিলেন কিংবদন্তি আশা ভোসলে

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের কর্মজীবনে আশা ভোসলে ভারতের বিভিন্ন ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য রেকর্ড করেছেন অসংখ্য কালজয়ী গান। তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ২০০৮ সালে 'পদ্মভূষণ' এবং এর আগে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত করে।

১৬ দিন আগে

পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন নোবেলের

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

২৩ দিন আগে

৫৩ বছর পর ফের চাঁদে পাড়ি দিচ্ছে মানুষ

এই মিশনের চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তারা এরই মধ্যে ওরিয়ন ক্যাপসুলে প্রবেশ করেছেন। ১০ দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন।

০২ এপ্রিল ২০২৬