মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ, যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুমার নামাজের পর থেকে শুরু করে একের পর এক এলাকায় বিস্ফোরণের এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, 'সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাখালীর আমতলীতে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয়। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা যাচাই বাছাই করে দেখছি।'

এদিকে সন্ধ্যায় আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, 'একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে সেটি ককটেল নাকি পটকা তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে এখনো কোনো আলামত পাওয়া যায়নি।'

এর আগে বিকালে মালিবাগে দুইটি ও সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা বলেন, 'ককটেল বিস্ফোরণের খবর থানা থেকে জানানো হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। কতগুলো ককটেল বিস্ফোরণ হয়েছে তা এখনই বিস্তারিত বলতে পারছি না।'

আজ জুমার নামাজের পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মূল সড়কের ওপর সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ওই বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement