‘হিটলারের পূজারি’ সাকিবের সব রেকর্ড মুছে ফেলা উচিত: সাবেক প্রেস সচিব

ক্রীড়া ডেস্ক
ফেসবুক পোস্টে সাকিব আল হাসানের সব ক্রিকেটীয় রেকর্ড ও পরিসংখ্যান মুছে ফেলতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ‘গণহত্যাকারীর পূজারি’ ও ‘হিটলারের পূজারি’ বলে অভিহিত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ইংরেজি গণমাধ্যম ডেইলি ওয়াদার প্রধান সম্পাদক শফিকুল আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, সাকিবের সব রেকর্ড ও পরিসংখ্যান যেন মুছে ফেলা হয়।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল এমন মন্তব্য করেন। এর আগে এ দিনই বার্তা সংস্থা রয়টার্সে সাকিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে সাকিব বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন।

সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার পোস্টার বয়। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) র‌্যাংকিংয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি। ক্রিকেটীয় রেকর্ড ও পরিসংখ্যান বিবেচনায় দেশের ইতিহাসে অবিসংবাদিতভাবে সেরা ক্রিকেটার তিনি। বৈশ্বিক ক্রিকেটেও তাকে ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন বিবেচনা করা হয়।

দেশের ক্রিকেটের এই পোস্টার বয়কে নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বিরূপ মনোভাবের পেছনে রয়েছে সাকিবের রাজনৈতিক অবস্থান। ক্রিকেটের বাইরেও বিভিন্ন সময়ে নানা ‘বিতর্কিত’ ঘটনায় আলোচিত-সমালোচিত ছিলেন তিনি। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওই সময়েই সাকিবের রাজনৈতিক দলে যোগদান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে চলে যান। নিজের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না থাকলেও তার স্ত্রী-সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক। পরিবারের সঙ্গে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা উঠেছে। ২০২৪ সালের শেষ দিকে একবার অন্তর্বর্তী সরকারের ‘নিরাপত্তার আশ্বাসে’ দেশে ফেরার পথেও ছিলেন তিনি। পরে যাত্রাপথে দুবাই থেকে ফিরে যেতে হয় তাকে।

পরে আরও একবার দেশে ফেরার উদ্যোগ নিয়েছিলেন সাকিব। তবে এর মধ্যে জুলাইয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেসবুক পোস্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। ধারণা করা হয়, সে কারণেই তার বিরুদ্ধে ফের জনমত তৈরি হয় এবং তার দেশে ফেরা আটকে যায়।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে নানামুখী আলোচনা হয়েছে। তবে এবারে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিন গত ৫ আগস্ট সাকিব আল হাসান ভারতের রাজধানী নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন, যে অনুষ্ঠানে চেহারা না দেখালেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেখ হাসিনাও। ফলে আরও একবার সাকিবের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সে দিন রাতে তার মাগুরার বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

এদিকে সাকিব আল হাসানের নামে বর্তমানে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে জুলাই অভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরেকটি মামলা দুর্নীতি দমন কমিশনের, যেখানে তার ও তার সহযোগীদের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে প্রায় আড়াই শ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। তার সব ব্যাংক অ্যাকাউন্টও আদালতের আদেশে জব্দ করা রয়েছে।

সবশেষ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার বিরুদ্ধে থাকা মামলা দুটিতে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। নিজেকে ১০ বছর ধরে সর্বোচ্চ করদাতা খেলোয়াড়ের একজন দাবি করে সাকিব বলেছেন, তার ব্যাংক অ্যাকাউন্টগুলো তদন্তের নামে দেড় বছর ধরে জব্দ রাখা হয়েছে। তদন্তের জন্য সব তথ্য দিতে প্রস্তুত জানিয়ে তিনি আরও বলেছেন, তদন্ত করে কিছু না পেলে অ্যাকাউন্টগুলো যেন খুলে দেওয়া হয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সাকিবের সম্পর্কই মূলত এখন তার দেশে ফেরার পথে বড় বাধা। এসব কারণেই শফিকুল আলম তাকে নিয়ে কঠোর সমালোচনা করে তার খেলার রেকর্ড পর্যন্ত মুছে দিতে বলেছেন।

শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও অর্জনের স্বীকৃতি মুছে ফেলা। যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডিত গণহত্যাকারীকে (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা) পূজা করে, তার নাম ক্রিকেটের ইতিহাসে থাকার কোনো অধিকার নেই। সাকিবের নাম ও রেকর্ড ইতিহাস থেকে মুছে গেলেও বাংলাদেশের ক্রিকেট একটুও গরিব হবে না।’

ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রক্টর ও এডি বার্লো— এসব ক্রিকেটারের উদাহরণ টেনে শফিকুল লিখেছেন, “তারা সবাই সাকিবের চেয়ে অনেক বড় মাপের ক্রিকেটার ছিলেন। তাদের হাতে কোনো রক্তের দাগ ছিল না। তারা সাকিবের মতো দুর্নীতিগ্রস্তও ছিলেন না। তাদের একমাত্র ‘অপরাধ’ ছিল বর্ণবাদী অ্যাপারথাইড শাসনের সময় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা, যে শাসনব্যবস্থা তাদেরকে শ্বেতাঙ্গ আধিপত্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছিল। সে কারণেই তারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত হন। অথচ ব্যারি রিচার্ডসকে অনেকেই তার সময়ের সেরা ব্যাটার বলে মনে করেন।’

‘সাকিবাল’ একজন ‘হিটলার’-এর পূজারি— এমন মন্তব্য করে সাবেক এই প্রেস সচিব লিখেছেন, “তিনি (সাকিব) দেশে ফিরে একটি ‘হত্যাকারী শাসনব্যবস্থা’কে পুনর্বাসিত করার স্বপ্ন দেখেন এবং হয়তো একদিন বিসিবির সভাপতিও হতে চান। তার ‘ক্যাপ্টেনে’র (শেখ হাসিনা) নেতৃত্বে সংঘটিত গণহত্যা নিয়ে তিনি কখনো অনুশোচনা প্রকাশ করেননি, যে অপরাধগুলোর বিস্তারিত তথ্য একটি স্বাধীন জাতিসংঘের অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে নথিভুক্ত হয়েছে।’

“মানবতাবিরোধী অপরাধকে সমর্থনকারী এবং একটি ‘ফ্যাসিবাদী শাসনে’র তোষামোদকারী এমন একজনের স্থান আমাদের ক্রিকেটে থাকা উচিত নয়। আমরা এমন কোনো ক্রীড়া নায়ক চাই না, যারা মানবতাবিরোধী অপরাধে মদত দেয়,”— লিখেছেন শফিকুল আলম।

ডেইলি ওয়াদার এই প্রধান সম্পাদক আরও লিখেছেন, ‘২০০৯ সালে বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কুস্তি ও অ্যাথলেটিক্সের বহু জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের জন্য কেউ অশ্রু ঝরায়নি, কেউ তাদের প্রতি দয়া দেখানোর আবেদনও করেনি।’

‘সাকিবের জানা উচিত— একজন গণহত্যাকারীর বন্দনা করে কেউ শেষ পর্যন্ত পার পেয়ে যেতে পারে না,’— লিখেছেন শফিকুল আলম।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement