শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ডেস্ক, রাজনীতি ডটকম
এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ফাইল ছবি

ভারতের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে দুজনকেই ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া তাদের সব পাইলটের মাদক পরীক্ষা করাচ্ছে। এখন পর্যন্ত ৩০০ জনের বেশি পাইলট এই পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণত চূড়ান্ত পরীক্ষার ফল পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে।

এই উদ্যোগের সূত্রপাত গত ৪ আগস্টের ফুকেট-দিল্লি ফ্লাইটের ঘটনায়। ১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে এআই-২৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ আকাশে এয়ারবাস এ-৩২০নিও মডেলের ওই উড়োজাহাজটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। ওই ঘটনায় ২০ যাত্রী ও চার ক্রু আহত হন।

উড়োজাহাজ অবতরণের পর পাইলট-ইন-কমান্ডকে দুটি প্রস্রাবের নমুনা পরীক্ষা করাতে বলা হয়। দুটিতেই তিনি ব্যর্থ হন এবং তার শরীরে গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ আসে। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় ক্যাপ্টেনের গাঁজা সেবনের বিষয়টি নিশ্চিত হয়। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উড়োজাহাজে কোনো গুরুতর ঘটনার পর স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী উভয় পাইলটেরই পোস্ট-ফ্লাইট ড্রাগ স্ক্রিনিং করার নিয়ম রয়েছে। এ ঘটনার পর দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ফ্লাইটটি মাঝ আকাশে নিচে নেমে যাওয়ার কারণ শুধু পাইলটের মাদক পরীক্ষায় ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার সময় উড়োজাহাজটির গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় চার সেকেন্ডের জন্য অকার্যকর হয়ে পড়েছিল। এর মধ্যে ছিল এলিভেটর ও এলেরন। একই হাইড্রলিক ব্যবস্থায় ত্রুটির কারণে স্পয়লারও নিয়ন্ত্রণ হারিয়েছিল। এ-৩২০নিওর তিনটি হাইড্রলিক ব্যবস্থায় একাধিক ত্রুটি দেখা দেওয়ার পর এলিভেটর ও এলেরন কোনো পাইলটের নির্দেশ ছাড়াই নড়াচড়া করছিল। এ ধরনের যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে এমন ঘটনা আগে নজিরবিহীন।

উড়োজাহাজের নিয়ন্ত্রণে হাইড্রলিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিভেটরের মাধ্যমে বিমানের নাক ওপরের দিকে ওঠানো বা নিচের দিকে নামানো হয়। এলেরন ডান ও বাম ডানার প্রান্ত কাত করে বিমানকে ডানে বা বাঁয়ে ঘোরাতে সহায়তা করে। আর স্পয়লার উড়োজাহাজের উড্ডয়নশক্তি কমিয়ে বাড়তি বাধা তৈরি করে, যার মাধ্যমে গতি কমানো ও নিচে নামতে সহায়তা করা হয়। অবতরণের সময় ব্রেকিংয়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঘটনার পর প্রথম দিকে এটিকে ‘টার্বুলেন্স’ বা বায়ুর অস্থিরতার সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছিল। পরে উড়োজাহাজের সিস্টেমের লগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্টতা আসে। এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ ‘ফ্লাইট সেফটি’ প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ফার্স্ট অফিসার বিমানটির গতি দ্রুত বাড়াতে এবং স্টল বা নিয়ন্ত্রণহীনভাবে নিচে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি এড়াতে বিমানের নাক খাড়া করে নিচের দিকে নামাতে বাধ্য হন।

এতে উড়োজাহাজে তীব্র নেতিবাচক ‘জি-ফোর্স’ তৈরি হয়। নাক এত দ্রুত নিচের দিকে নেমে যায় যে, কয়েক মুহূর্তের জন্য বিমানটি স্বাভাবিক মহাকর্ষীয় গতির চেয়েও দ্রুত নিচে নামতে থাকে। সিটবেল্ট বাঁধা না থাকায় অনেক যাত্রী ও ক্রু আসন থেকে উঠে শূন্যে ভাসতে শুরু করেন।

সে সময় সিটে না থাকা ক্যাপ্টেন পরে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, নিজেও শূন্যে ছিটকে পড়ার পাশাপাশি ফার্স্ট অফিসার ও ককপিটের বিভিন্ন খোলা জিনিসপত্রকে বাতাসে ভাসতে দেখেন। পরে ইঞ্জিনের ওয়ার্নিং ডিসপ্লেতে একটি হলুদ সতর্কতা বার্তা দেখা যায়। এতে নিশ্চিত হওয়া যায়, বিমানটি ঘটনার সময় তার সহনশীলতার সর্বনিম্ন সীমা (-1g structural limit) অতিক্রম করেছিল।

ক্যাপ্টেনের বর্ণনা অনুযায়ী, ককপিটে ছিটকে পড়ার পর তিনি মাঝআকাশে থাকা ফার্স্ট অফিসারকে স্থির রাখার চেষ্টা করেন। এরপর তির্যকভাবে নিজের আসনের দিকে এগিয়ে গিয়ে সিটবেল্টের সংকেত চালু করেন। আসনে বসে সিটবেল্ট বাঁধার পর তিনি বলেন, ‘আই হ্যাভ কন্ট্রোলস’ এবং বিমানের নিয়ন্ত্রণ নেন। তখনও বিমানটি নিচের দিকে নামছিল। গতি ও উচ্চতা কমে যাওয়া ঠেকাতে পাইলট থ্রটল সর্বোচ্চ ধারাবাহিক থ্রাস্টে নিয়ে যান।

সর্বোচ্চ প্রায় ৩০০ ফুট উচ্চতা হারানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উড়োজাহাজটি স্থিতিশীল হওয়ার পর দুই পাইলট একে অপরের খোঁজ নেন এবং ককপিটের পরিস্থিতি মূল্যায়ন করেন। পরে বিষয়টি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। তবে শেষ পর্যন্ত পাইলটরা এ-৩২০ উড়োজাহাজটি নয়াদিল্লিতে অবতরণের সিদ্ধান্ত নেন।

এর আগে এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, বেসামরিক বিমান চলাচলের নিয়ম মেনে তারা নিয়মিতভাবে ক্রু সদস্যদের মাদক পরীক্ষা করে থাকে। কোনো নির্দিষ্ট ফ্লাইট বা পরিচালনাগত ঘটনার সঙ্গে এসব পরীক্ষার সম্পর্ক নেই বলেও জানিয়েছিল বিমান সংস্থাটি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এআই যুদ্ধে মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

৩ ঘণ্টা আগে

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

৩ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৪ ঘণ্টা আগে

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে ‘৩০ বা ৪০ জনকে হত্যা’ করা উচিত। এ ক্ষেত্রে শুধু ওই মুহূর্তে যারা হুমকি হিসেবে বিবেচিত, তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বেশি মানুষকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছেন তিনি।

৫ ঘণ্টা আগে