গাজায় ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত, অনাহারে আরও ৭ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন। একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৪ ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নেওয়ার সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ শিশু রয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু দাঁড়াল ২৫৮ জনে, যার মধ্যে ১১০ শিশু।

মন্ত্রণালয় বলছে, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে ২৪ লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এরপর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় পূর্ণাঙ্গ হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। এরপর থেকে শুধু এ সময়েই ১০ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৪৩ হাজার ৮৪৫ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একইসঙ্গে গাজায় যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু শিক্ষার্থী নিহত

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় মোট ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল সেই কোচিং সেন্টারটিতে। ধসের জেরে সবাই কমবেশি আহত হয়েছে। তাদের মধ্যে অপেক্ষাকৃত বেশি আহত ২০ জন শিশুকে উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক নয়, সাফ জানাল ইরান

১৮ ঘণ্টা আগে

দক্ষিণ সুদানে ত্রাণবাহী বহরে অতর্কিত হামলা, ৫ সহায়তাকর্মী নিহত

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।

১৯ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

১৯ ঘণ্টা আগে