মার্কিন বাহিনী সীমান্ত থেকে ১ হাজার কিমি দূরে পালিয়েছে— দাবি ইরানের

ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।
ইরানের প্রেস টিভির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, ‘মার্কিনরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে।’
আইআরজিসি কমান্ডার ফাদাভি আরও বলেন, ‘তারা (মার্কিন বাহিনী) নিজেদের ইচ্ছায় সরে যায়নি; ইসলামি প্রজাতন্ত্র ও আইআরজিসির স্থলবাহিনীর ক্ষমতার কারণেই তারা এটি করতে বাধ্য হয়েছে।’
ফাদাভির দাবি, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও এখন কোনো মার্কিন জাহাজ নেই। তার ভাষ্য, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার ‘১০০ শতাংশ ঝুঁকিতে রয়েছে’।
তবে ফাদাভির এই দাবি এমন সময়ে সামনে এসেছে, যখন ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন সামরিক বাহিনীর কঠোর নৌ অবরোধ অব্যাহত রয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।


-6d865f.jpg)














