ইরানের জবাবকে ‘আবর্জনা’ বললেন ট্রাম্প, শান্তিচুক্তির আশা ক্ষীণ

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান এমন কিছু শর্তে অনড় অবস্থান নিয়েছে, যেগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন ‘মারাত্মক সংকটাপন্ন অবস্থায়’ রয়েছে। এতে সম্ভাব্য শান্তিচুক্তির আশা কার্যত আরও ক্ষীণ হয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ মে) রয়টার্সের খবরে বলা হয়, যুদ্ধের সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে লেবানন, যেখানে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। একই সঙ্গে তেহরান হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এদিকে ট্রাম্প বলেন, ইরানের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘ওরা যে আবর্জনামূলক প্রস্তাব পাঠিয়েছে, সেটা পড়ার পর আমি বলব যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। আমি পুরোটা পড়াও শেষ করিনি।’ ট্রাম্প এর আগেও একাধিকবার যুদ্ধবিরতি বাতিলের হুমকি দিয়েছেন।

বিতর্কিত বিষয়গুলো— বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

শান্তি আলোচনায় অচলাবস্থার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মঙ্গলবার এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম আরও বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৫০ ডলারের ওপরে উঠে যায়। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যেত। এরপর থেকেই এটি সংঘাতের অন্যতম প্রধান চাপের কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রণালিটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট বিঘ্নে তেল উৎপাদনকারী দেশগুলো রপ্তানি কমাতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এপ্রিল মাসে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন আরও কমে বিগত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

যুক্তরাষ্ট্র সোমবার নতুন করে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, তারা ইরানের তেল চীনে পাঠাতে সহায়তা করছে। তেহরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচির অর্থায়ন বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা সম্পর্কে ব্যাংকগুলোকে সতর্কও করা হয়েছে।

বুধবার ট্রাম্পের বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে আলোচনায় উঠে আসবে ইরান যুদ্ধ, তাইওয়ান, পারমাণবিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চলমান বাণিজ্য বিরোধসহ একাধিক স্পর্শকাতর ইস্যু।

হরমুজে সীমিত জাহাজ চলাচল

যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেক কমে গেছে। কেপলার ও এলএসইজির শিপিং তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে অপরিশোধিত তেলবাহী তিনটি ট্যাঙ্কার প্রণালি অতিক্রম করেছে। ইরানের হামলা এড়াতে জাহাজগুলোর ট্র্যাকার বন্ধ রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধকে অনেক মার্কিন নাগরিক সমর্থন করেছেন না। জাতীয় নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে জ্বালানির বাড়তি দাম নিয়ে উদ্বিগ্ন মার্কিনিদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এই নির্বাচনেই নির্ধারিত হবে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না।

সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, প্রতি তিনজন মার্কিনির মধ্যে দুজন মনে করেন, কেন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে— তা ট্রাম্প স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি। এদের মধ্যে প্রতি তিনজন রিপাবলিকান সমর্থকের একজন এবং প্রায় সব ডেমোক্র্যাট সমর্থক এই মত দিয়েছেন।

আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতেও ওয়াশিংটনকে বেগ পেতে হচ্ছে। ন্যাটো মিত্ররা পূর্ণাঙ্গ শান্তিচুক্তি এবং আন্তর্জাতিকভাবে অনুমোদিত মিশন ছাড়া হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।

সোমবার পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্ট্রেলিয়া ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা ফোনালাপ করেছেন। সেখানে ‘হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা’ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার কাতারে এ সংঘাত এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্রান্সে ইবোলায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশে ফেরার পরপরই চিকিৎসককে বিশেষায়িত হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে ভর্তি করা হয় এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১২ ঘণ্টা আগে

এবার বিদেশে অবরুদ্ধ তহবিল নিয়ে মতবিরোধে ইরান-যুক্তরাষ্ট্র

বিদেশে অবরুদ্ধ থাকা ইরানের তহবিল ব্যবহারের অধিকার নিয়ে নতুন করে মতবিরোধে জড়িয়েছে তেহরান ও ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অবমুক্ত করা অর্থ কেবল খাদ্য ও চিকিৎসাসামগ্রী কেনার কাজে ব্যয় করা যাবে। তবে ইরান বলছে, ওই অর্থ কীভাবে ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত একান্তই তাদের নিজস্ব বিষয়। একই সময়ে পারমা

২০ ঘণ্টা আগে

এবার পারমাণবিক নৌবাহিনী গড়ার ঘোষণা কিম জং উনের

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও তারা সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে।

১ দিন আগে

হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিককে উদ্ধার করছে জাতিসংঘ

এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডমিনগেজ জানান, ইরান, ওমান, উপসাগরীয় উপকূলবর্তী অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক নৌপরিবহন শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হবে।

১ দিন আগে