ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

ডেস্ক, রাজনীতি ডটকম
লা গুইরায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের সামনে কয়েকজন। ভূমিকম্পে ভেনেজুয়েলার এই অঞ্চলটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে প্রাণহানি বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকে আছেন। হাজারও মানুষ গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও নিখোঁজের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে, একটি ওয়েবসাইটে যে সংখ্যা এরই মধ্যে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ১৯০০ সালের পর এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বহু বছর ধরে চলা অর্থনৈতিক সংকটে দুর্বল হয়ে পড়া ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। একের পর এক আফটারশক উদ্ধার তৎপরতায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৩৫ জনের মরদেহ নেওয়া হয়েছে। তবে তিনি মোট হতাহত কত, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

ইউএসজিএসের পূর্বাভাসভিত্তিক মডেল বলছে, মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। এমনকি এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ জানান, প্রায় ২০০ জন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন এবং ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধসে পড়েছে।

জোড়া ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় শত শত ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স
জোড়া ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় শত শত ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে অন্তত আটটি হাসপাতাল, ভেনেজুয়েলা রেড ক্রসের সদর দপ্তর ও ফরাসি দূতাবাস। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো জানিয়েছেন, লা গুয়াইরা অঙ্গরাজ্যে প্রায় ৭০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বিরোধী নেতাদের শেয়ার করা একটি ওয়েবসাইটে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ভেনেজুয়েলাকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে থাকা দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এমন কয়েকটি দেশও, যারা আগে কারাকাস সরকারের বিরোধী অবস্থানে ছিল।

ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় লা গুইরায় বিধ্বস্ত আরেকটি ভবন। ছবি: রয়টার্স
ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় লা গুইরায় বিধ্বস্ত আরেকটি ভবন। ছবি: রয়টার্স

হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দ্রুত ভেনেজুয়েলায় পৌঁছাবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের নেতাদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা সহজ করতে ওয়াশিংটন ভেনেজুয়েলাসংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উদ্ধারকারী দল পাঠাবে এবং কারাকাসের ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পরিচালনায় লজিস্টিক সহায়তা দেবে পেন্টাগন।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সমন্বয় করছে জাতিসংঘ ও ভেনেজুয়েলার পরিস্থিতি মোকাবিলায় ‘বৃহৎ সম্মিলিত প্রচেষ্টা’ প্রয়োজন হবে। ভূমিকম্পের আগেই দেশটিতে প্রায় ৮০ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন ছিল।

এদিকে জাতিসংঘের ভেনেজুয়েলাবিষয়ক মানবাধিকার মিশন জরুরি যোগাযোগ নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত কিছু সরকারি বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্টারলিংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন ও বিদ্যমান গ্রাহকদের জন্য ২৫ জুলাই পর্যন্ত বিনা মূল্যে সেবা দেওয়া হবে এবং যোগাযোগব্যবস্থা পুনর্স্থাপনে অতিরিক্ত টার্মিনাল মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে ভেনেজুয়েলার অর্থনীতির গুরুত্বপূর্ণ তেল খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিদেশি জ্বালানি কোম্পানিগুলো জানিয়েছে, তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়নি এবং তেল অবকাঠামোও বেশির ভাগ ক্ষেত্রে অক্ষত রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি মদদে পশ্চিমতীরে উগ্র বসতি স্থাপনকারীদের ভয়াবহ তাণ্ডব

নাবলুসের নিকটবর্তী তাল শহরে উগ্র বসতি স্থাপনকারীদের অবৈধ প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে দুই ইসরায়েলি নিহত হলে পুরো পশ্চিম তীরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৮ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংসতা চরমে, ঘরছাড়া হাজারও মানুষ

গত ২৯ জুন কয়েকজন ব্যক্তি ৬০ বছর বয়সী মালাউই নাগরিক ইব্রাহিম হুসেইনের বাড়িতে ঢুকে তাকে মারধর করে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তিনি ২০০০ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।

১ দিন আগে

মার্কিন হামলায় বিরতি, আপাতত পালটা আঘাত বন্ধ রাখছে ইরানও

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে প্রতি রাতেই ইরানে হামলা চালাচ্ছিল। অন্যদিকে ইরান বলছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখাই তাদের লক্ষ্য।

১ দিন আগে

পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের হামলা, ২ মসজিদে আগুন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মসজিদসহ গ্রামের ভবনগুলোর দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা। রোববার ভোরে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

১ দিন আগে