শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন— ভারতীয় গণমাধ্যমে দাবি আ.লীগ নেতার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০০: ০৩
শেখ হাসিনা। ফাইল ছবি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা শিগগিরই বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বী আলম।

জুলাই-আগস্টের আন্দোলনকে ‘সন্ত্রাসীদের বিদ্রোহ’ অভিহিত করে তিনি বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদও দেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় রাব্বী আলমের একটি ভিডিও সাক্ষাৎকার তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রকাশ করেছে।

Rabbi-Alam-Giving-Interview-To-ANI-12-03-2025

এএনআইকে সাক্ষাৎকার দিচ্ছেন রাব্বী আলম। ছবি: ভিডিও থেকে

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন কর্মকর্তা রাজনীতি ডটকমকে বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’ তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি মন্তব্য করেননি তিনি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই রাব্বি আলমকে শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়েছে। বছরে দুয়েক আগে তিনি আলোচনায় এসেছিলেন ওই সময়কার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে মামলা করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের বাধাদানকারীদের আটকাতে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করলে বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির সভাপতি হিসেবে তিনি মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ওই মামলা করেছিলেন।

বিষয়টি আলোচনায় এলে তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে আওয়ামী লীগ পরিচয় দেওয়া ‘স্বার্থান্বেষী ও সুবিধাবাদী’ হিসেবে অভিহিত করেছিলেন।

অন্যদিকে ঢাকায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে রাব্বী আলমকে সংগঠন থেকে বহিষ্কার করার পাশাপাশি পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রমেই স্থগিতাদেশ দিয়েছিলেন।

এএনআইকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে ড. রাব্বি আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা প্রয়োজন। একটি রাজনৈতিক বিদ্রোহ আছে, সেটি ঠিক আছে। কিন্তু এখন বাংলাদেশে যা চলছে তা প্রকৃতপক্ষে সন্ত্রাসী বিদ্রোহ। এ কারণেই আপনাদের সহায়তা প্রয়োজন।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে রাব্বী আলম বলেন, আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে রাব্বী আলম বলেন, আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলব, আপনি পদত্যাগ করুন। আপনি যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যান। আপনার এখানে থাকার কোনো অধিকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে ফিরবে জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই নেতা বলেন, এটি বাংলাদেশের জনগণের জন্য একটি বার্তা— শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন। আমরাও রাজনীতিতে প্রত্যাবর্তন করব।

তরুণ প্রজন্ম ভুল করেছে উল্লেখ করে রাব্বী আলম বলেন, নিঃসন্দেহে তোমরা ভুল করেছ। তোমরা ভুল কাজ করেছ। কিন্তু এটি সমস্যা নয়। তোমাদের ভুল পথে পরিচালিত করা হয়েছে। তোমরা দেশের ইতিহাস-সংস্কৃতি সম্পর্কে জানো। মুক্তিযুদ্ধের ইতিহাস জানো, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানো। শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৈতিকতা ও মর্যাদার কথা জানো।

সবার উদ্দেশে রাব্বী আলম আবারও বলেন, কেউ চিন্তা করবেন না, শেখ হাসিনা খুব শিগগিরই ফিরবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন থেকেই তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। এর মধ্যে দেশে তার বিরুদ্ধে গণহত্যাসহ নানা অপরাধের অভিযোগে তার সময়েই গড়ে তোলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। রয়েছে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগের মামলাও।

এসব মামলার বিচারকাজের জন্য বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া আসেনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে