কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৮: ১৩
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমি কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করছি।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এ কথা বলেন তিনি। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার সম্পর্ককে ‘বন্ধুত্ব’ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না। কোনো কারণে, কোনোভাবেই আমি আমাদের শ্রদ্ধেয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না।’

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি (প্রধানমন্ত্রী) ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতায় আসার পরও তার পরিবারকে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে যোগ্যতার ভিত্তিতে তার পরিবারের সদস্যরা কোনো দায়িত্ব পেলে সেটিকে অযথা বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের বাড়ি বগুড়া। বিএনপির কর্মী ও জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন।‘

শাহে আলম বলেন, ‘বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে।’

‘সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি এটা উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছেন, ওটা করেছেন... এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না,’ যোগ করেন শাহে আলম।

তিনি বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন, পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না যে প্রধানমন্ত্রী আমার বন্ধু। অনুগ্রহপূর্বক এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে থাকবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি।’

‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জের’

বিএসআরএফ আয়োজিত সংলাপে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিনি স্বচ্ছতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত মন্ত্রীর অনুমোদনের মাধ্যমে হওয়ায় তিনি নিজেকে নিরাপদ মনে করেন বলেও উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, তার ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর সমালোচনা শুরু হলে আমি নিজেই ছেলেকে পদত্যাগের পরামর্শ দিই। প্রথম বোর্ড সভার পরদিনই আমার ছেলে পদত্যাগ করে। তবে বিষয়টি গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি বলে দাবি করেন তিনি।

সম্পদ নিয়ে ওঠা সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, আমার নির্বাচনি হলফনামায় সব সম্পদের তথ্য প্রকাশ করা হয়েছে। সম্পদের পরিমাণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। ব্যক্তি নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস বৈধ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত বা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের আংশিক অংশ নয়, সম্পূর্ণ বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সমালোচনা থাকলেও তিনি কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সরকারের কার্যক্রমকে আরও কার্যকর করবে বলেও আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তার কোনো ভুল বা অনিয়ম নজরে এলে সংবাদ প্রকাশের পাশাপাশি তাকে অবহিত করারও অনুরোধ জানান, যাতে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকে।

ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর ব্যাখ্যা প্রধানমন্ত্রীর নির্দেশনা

এর আগে গত ১৫ জুন প্রতিমন্ত্রী শাহে আলমের নির্বাচনি এলাকায় তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, “প্রতিমন্ত্রী শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নে তার মীর বংশের নামে ‘মীরবাড়ি’ নামে নামকরণ করেছেন। তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।”

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেদিন সংসদ ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেখানে তিনি ইউনিয়নের নামকরণের বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ‘সীমান্ত’ এবং আরেকটি দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে।

শাহে আলম বলেন, ‘মিরাক্যালি আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নাই।’

পরে অবশ্য সীমান্ত, দিগন্ত ও মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে ১৯ জুন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে মৌখিকভাবে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরের দিন ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি পাওয়ার কথা জানান জেলা প্রশাসক।

সাংবাদিক কারাগারে, প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশ করার পর স্থানীয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের নামে মামলা করেছিলেন স্থানীয় আরেকজন সাংবাদিক এবং তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছিল। এই মামলায় স্থানীয় মোট ছয়জন সাংবাদিককে আসামি করার তথ্য দিয়েছিল পুলিশ।

এই ঘটনা নিয়ে সমলোচনা তৈরি হলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।’

শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ বিতর্ক

শিবগঞ্জ উপজেলার একটি স্কুলের নাম পরিবর্তন করে প্রতিমন্ত্রীর নামে নামকরণে প্রস্তাব করলে এ নিয়েও বিতর্ক হয়েছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে ৫৩ বছরের প্রাচীন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব দেওয়া হয়।

তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন শাহে আলম। তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার একজন ব্যক্তিগত কর্মকর্তা বগুড়ার স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, প্রতিমন্ত্রী তার নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ না নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে তিনি তার নামে থাকা দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশ করে বলেন, ‘এর বাইরে তার বা তার পরিবারের সদস্যদের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন গ্রহণ বা অনুমোদন না করা হয়।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে