নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

পূর্বেঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (৫ আগস্ট) সকালে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ মিনারে জমায়েত হয়ে টিএসসিতে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন। আয়োজিত সংবাদ সম্মেলন ও সমাবেশ থেকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা করেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিন সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিশাল মিছিল ও ছাত্র জমায়েতের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ জানানোর কথা থাকলেও তা বিলম্ব হয়। তবে সকাল ৭টা থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। এসময় তাদের মাথায় একই রঙের ক্যাপ দেখা যায়।

এছাড়া, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। পরে পৌনে ১০টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি তখন বলেছিলেন, বুধবার (আজ) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত এক বিশাল মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি সরকারকে দায়ী করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান শাসনব্যবস্থা বেশিদিন স্থায়ী হবে না।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ভিন্ন মতের অনুসারীদের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা চলতে থাকলে তা সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement