৪১ পদে ভোট, কত সময় লাগছে একেকজন ভোটারের?

ঢাবি প্রতিনিধি
টিএসসি ভোটকেন্দ্রে রোকেয়া হলের ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: ফোকাস বাংলা

ডাকসু নির্বাচনে ২৮টি, এর সঙ্গে হল সংসদে আরও ১৩টি— সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান ভোট উৎসবে একেকজন ভোটারকে দিতে হচ্ছে ৪১টি করে ভোট। এতগুলো করে ভোট দিতে একেকজন ভোটারের কতক্ষণ করে সময় লাগছে? নির্বাচন কমিশন যে একেকজন ভোটারের জন্য গড়ে ১০ মিনিট করে সময় হিসাব করেছে, সে সময়ের মধ্যে ভোট দেওয়া সম্ভব হচ্ছে?

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ থেকে ৮ মিনিটের মধ্যেই তারা গোটা ভোট প্রদান প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারছেন।

ভোটাররা বলছেন, কোন পদে কাকে ভোট দেবেন সেটি আগে থেকেই ঠিক করা থাকলে ভোট দিতে খুব একটা বেগ পেতে হচ্ছে না, সময়ও লাগছে কম। সেটি ৬ মিনিটের মধ্যেই শেষ করা সম্ভব হচ্ছে। বুথে গিয়ে প্রার্থী নির্ধারণ করে ভোট দিতে সময় লাগছে একটু বেশি। তবে সেটিও ৮ মিনিটের বেশি নয় বলেই জানাচ্ছেন ভোটাররা।

বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী তরিকুল ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, আমার ভোট দিতে ৬-৭ মিনিট লেগেছে। দুয়েকজনের কাছে শুনেছি, ৭-৮ মিনিট করে লাগছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি সময় কারও লাগছে ভোট দিতে।

ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন বলছে, তারা একেকজন ভোটারের ভোট দিতে গড়ে ১০ মিনিট করে সময় হিসাব করেছে। এই সময়ের মধ্যে ভোটাররা ভোট দিতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে সব ভোটার ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের হিসাবকে যৌক্তিকই মনে করছেন হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী মামুন সরকার।

রাজনীতি ডটকমকে তিনি বলেন, পদ সংখ্যা অনেক হলেও সবাই কমবেশি আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন কোন পদে কাকে ভোট দেবেন। সেক্ষেত্রে ভোট দিতে খুব বেশি যে সময় লাগছে, তেমন না। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ভোট দিতে পারছি। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয়নি আমাকে। অন্য কারও কাছ থেকেও সমস্যার কথা শুনিনি।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের টিএসসি ভোটকেন্দ্রে প্রথম ঘণ্টায় ৭৬০টির মতো ভোট পড়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা। কেন্দ্রটিতে ভোটার রয়েছেন পাঁচ হাজার ৬৬৫ জন।

নাসরিন সুলতানা বলেন, ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রথম ঘণ্টায় একেকটি বুথে গড়ে ৪০ জন করে ভোট দিয়েছে। সে হিসাবে এক ঘণ্টায় ৭৬০টির মতো ভোট পড়েছে বলে মনে করছি। এমন গতি অব্যাহত থাকলে বিকেল ৪টার আগেই ভোট গ্রহণ শেষ হবে বলে মনে করছি।

নাসরিন সুলতানার প্রথম ঘণ্টার ভোটের তথ্য হিসাব করলে দেখা যায়, আট ঘণ্টায় ছয় হাজারের বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা এই কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি।

ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ হাজার। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে ১৮টি হলের প্রতিটিতে ১৩টি করে পদের বিপরীতে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে