বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে সেপ্টেম্বরে, তবু ১১ মাসে সর্বনিম্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন ডলার। ছবি: সংগৃহীত
মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ শতাংশ। অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) বিবেচনায় নিলেও গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সে প্রবৃদ্ধি ১৩ শতাংশের বেশি।

বছরের ব্যবধানে রেমিট্যান্সে প্রবৃদ্ধি দেখা গেলেও এ নিয়ে টানা চতুর্থ মাসে রেমিট্যান্স এলো ৩০০ কোটি ডলারের কম। শুধু তাই নয়, গত ১১ মাসের মধ্যে এ প্রবাসী আয় সর্বনিম্ন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশের হালনাগাদ প্রতিবেদনে সেপ্টেম্বরে রেমিট্যান্সের তথ্য তুলে ধরা হয়েছে। এ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। আগের মাস আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। সে হিসাবে আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে ৬ দশমিক ৭৬ শতাংশ রেমিট্যান্স কম এসেছে।

এদিকে গত বছরের অক্টোবরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৫৬ কোটি ডলার। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই রেমিট্যান্সের পরিমাণ সেপ্টেম্বরে আসা রেমিট্যান্সের চেয়ে কম ছিল না। অর্থাৎ গত ১১ মাসের মধ্যে এ মাসেই এসেছে সর্বনিম্ন রেমিট্যান্স।

নেতিবাচক এই প্রবণতার বিপরীতে রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে বছরের ব্যবধানকে হিসাবে নিলে। কারণ গত বছরের সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ডলার বা ৩ শতাংশ।

কেবল সেপ্টেম্বর নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক তথা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসেও বছরের ব্যবধানে রেমিট্যান্সে প্রবৃদ্ধি দেখা গেছে। এই তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে প্রথম তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ কোটি ৫০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই সময়ে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ১৩ দশমিক ৩ শতাংশ।

বছরের ব্যবধানে বাড়লেও টানা চার মাস ধরে রেমিট্যান্সে নিম্নগতির পেছনে ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক অবশ্য রেমিট্যান্স প্রবাহের এ ধারাকে স্বাভাবিক বলেই মনে করছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের রেমিট্যান্সপ্রবাহ স্বাভাবিক রয়েছে। বরং এই সময়েই দেশে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আগামী মাসগুলোয় রেমিট্যান্সপ্রবাহ আরও কিছুটা বাড়বে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement