এক ধাক্কায় তেলের ব্যারেল ৮০ ডলারে, পৌঁছাতে পারে শতকেও

ডেস্ক, রাজনীতি ডটকম
অপরিশোধিত তেল। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এ যুদ্ধের দ্বিতীয় দিনেই সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।

আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ পরিস্থিতি স্তিমিত না হলে তেলের দাম ১০০ ডলারেও পৌঁছে যেতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার (১ মার্চ) ওভার-দ্য-কাউন্টার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান তেলের অন্যতম সরবরাহকারী। পাশাপাশি হরমুজ প্রণালি আন্তর্জাতিক রুট হলেও ইরান এটি নিয়ন্ত্রণ করে থাকে। ফলে ইরান কোনোভাবে আক্রান্ত হলে বৈশ্বিক তেলের বাজারে বড় প্রভাব পড়ে।

আইসিআইএসের জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার রয়টার্সকে বলেন, যেকোনো সামরিক হামলা তেলের দাম বাড়ানোর সুযোগ করে দেয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এই হরমুজ প্রণালি। বৈশ্বিক তেল সরবরাহের প্রাণরেখা হিসেবে বিবেচিত এই নৌ পথের এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার এই পথ দিয়েই চলাচল করে।

বলা হয়ে থাকে, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একক সামুদ্রিক পথ দিয়েই ২০ শতাংশের বেশি তেল সরবরাহ করা হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাসেরও প্রায় ৩০ শতাংশ পরিবাহিত হয় এ পথে। প্রতিদিন জাহাজ চলাচল করে ২০০ থেকে ৩০০টি।

বাজার পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য বলছে, এ প্রণালি দিয়ে পরিবহন করা তেলের প্রায় ৮২ শতাংশ যায় এশিয়ায়, বাকি অংশ যায় ইউরোপে। এ ছাড়া চীনের মোট এলএনজি আমদানির প্রায় ২৪ শতাংশ এই পথ দিয়ে যায়। স্বাভাবিকভাবেই বৈশ্বিক জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি।

ইরান অনেক দিন ধরেই হুমকি দিয়ে আসছিল, তারা আক্রান্ত হলে এই নৌ পথ বন্ধ করে দেওয়া হবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ২৪ ঘণ্টাও সময় নেয়নি ইরান, শনিবার ভোরের দিকে হামলা শুরুর পর রাতেই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

ইরানের রেভ্যুলেশনারি গার্ডস কোরের পক্ষ থেকে শনিবার রাতেই জাহাজগুলোর ভিএইচএফ চ্যানেলে স্পষ্ট বার্তা দেওয়া হয়, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এমন বার্তার পর কোনো দেশই হরমুজ প্রণালি দিয়ে তাদের জাহাজ বা ট্যাংকার পাঠায়নি।

অজয় পারমার বলেন, হরমুজ প্রণালি যদি খুলে দেওয়া না হয়, সোমবার বাজার শুরুর পর প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১০০ ডলারের কাছাকাছি উঠে যেতে পারে। আর হরমুজ প্রণালি যদি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা বলা মুশকিল।

আরেক জ্বালানি গবেষণা সংস্থা রাইস্টাড এনার্জির পূর্বাভাসও ভিন্ন কিছু বলছে না। তাদের অনুমান, নতুন সপ্তাহের লেনদেন শুরু হলে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ ডলারে উঠে যেতে পারে।

আরবিসির বিশ্লেষক হেলিমা ক্রফট বলেন, বার্কলেজের বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের নেতারাও ওয়াশিংটনকে একই সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়েছেন।

চলমান পরিস্থিতিতে তেলের বাজার স্বাভাবিক রাখতে তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস রোববার সম্মত হয়েছে, এপ্রিল থেকে দৈনিক তেল উৎপাদন দুই লাখ ছয় হাজার ব্যারেল বাড়ানো হবে। তবে এতে যতটুকু তেলের উৎপাদন বাড়বে, তা বৈশ্বিক চাহিদার শূন্য দশমিক দুই শতাংশেরও কম। অর্থাৎ বাড়তি এই উৎপাদনও চাহিদার খুব সামান্যই পূরণ করতে পারবে।

রাইস্টাড এনার্জির জ্বালানি অর্থনীতিবিদ হোর্হে লিওন বলেন, হরমুজ প্রণালির বিকল্প হিসেবে কিছু পথ ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু এই প্রণালি বন্ধ হয়ে গেলে প্রতিদিন আট থেকে ১০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের ঘাটতি এড়ানোর সুযোগ নেই। এই ঘাটতি মেনে নিতে হবে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পায়নি-এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট বলেছেন, কর্মসংস্থান সৃষ্টিতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বিশেষ করে তরুণ ও নারীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

৬ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ‎

পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

৭ দিন আগে

এবারও রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পেল পাঞ্জেরী

এর আগেও একাধিকবার রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার লাভ করে পাঞ্জেরী। দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা সংস্থা পাঞ্জেরীর এই ধারাবাহিক অগ্রযাত্রায় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। গুণগত মান আর সৃজনশীলতার এই অনন্য যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্র

৭ দিন আগে

বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭-২৭ মার্চ পর্যন্ত বন্দরে সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৮ মার্চ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

৭ দিন আগে