পবিপ্রবির ২ শিক্ষার্থীকে ছিনতাইয়ের সময় ‘যৌন নিপীড়ন’

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থীকে অটোরিকশায় ঘোরার সময় আটকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

ঘটনার এক দিন পর বুধবার ভুক্তভোগী এক শিক্ষার্থী পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে দুমকি থানায় মামলা করেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার মামলা হলেও আজ শুক্রবার বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হয়। মামলার আসামিরা হলেন— স্থানীয় রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদার।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশে পাকা সড়কে ঘটনাটি ঘটে। ওই সময় দুই শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিলেন।

এজাহারে বলা হয়েছে, পথে আসামিরা অটোরিকশাটির গতিরোধ করে দুই শিক্ষার্থীর কাছে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ সময় এক ছাত্রীর সঙ্গে যৌন নিপীড়নের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ঘটনার পর শিক্ষার্থীরা যে অটোরিকশায় ছিলেন, সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে অটোরিকশার চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা হয়।

ঘটনার বিষয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন বলেন, বুধবার ভুক্তভোগী এক শিক্ষার্থী মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement