টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

টঙ্গী ব্রিজের কাছে তিতাস গ্যাসের শিল্প গ্রাহকের সার্ভিস লাইনে ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উচ্চ চাপে গ্যাস লিকেজ দেখা দিয়েছে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে। এটি দুই সপ্তাহের মধ্যে তিতাসের পাইপলাইনে তৃতীয় দুর্ঘটনা।

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

এর ফলে গোটা উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ১০ জানুয়ারি দুপুরে মিরপুর রোডে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গেলে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর ফের গ্যাস সরবরাহ চালু হয়।

এরও আগে গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হয়। এসব দুর্ঘটনার কারণে তিতাস গ্যাসের গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে মাসখানেক ধরে এলপি গ্যাসের সরবরাহে সংকট থাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। সব মিলিয়ে গ্যাস নিয়ে রাজধানীবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement