পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ের ঘাটতিতে মিরপুরে সংঘর্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৩
বিক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। (ইনসেটে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বিক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। (ইনসেটে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের পেছনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মিরপুরের ঘটনায় গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঘটনা তদন্ত করতে বলেছি। আমি জেনেছি এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তারা সঠিকভাবে পুলিশের সাথে যোগাযোগটা সম্পন্ন করেননি। এটা একটা সমন্বয়ের অভাব ছিল আমার কাছে মনে হয়েছে। তারপরও আমরা তদন্ত করতে দিয়েছি।’

বুধবার সকাল ১০টার পর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হলে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয়। এতে কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উচ্ছেদ অভিযানের সময় ডিশ লাইনের তার খুলতে গিয়ে একপর্যায়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ হলে আগুন আরও ছড়িয়ে পড়ে।

এরপর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ বাধে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুরের খবর পেয়েছি৷ সেই সঙ্গে সিটি করপোরেশনের গাড়িতে আগুনের ঘটনাও আছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুরে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। সেখানে তিনি জানান, নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত থেকে হকার উচ্ছেদের অভিযান চলবে। অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘এসব দখলের পক্ষে কেউ আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় মামলা হবে, যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement