গাজীপুরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। অভিযোগের পরদিনই তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল।
রিজভীর বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রীর পরিবার। সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রীপুর থানায় ওই অভিযোগ দেওয়া হয় বলে জানিয়েছেন ওসি শাহিনুর আলম।
২৪ বছর বয়সী রিজভী শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের বাসিন্দা। তিনি মনির হোসেনের ছেলে।
থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারকে জানালে তারা রিজভীকে সতর্ক করেন। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
পরে রিজভীর বাবা-মাকেও বিষয়টি জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, তারা ছেলেকে শাসন না করে ওই ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। পরিবারটি তাতে রাজি না হওয়ায় রিজভী ক্ষুব্ধ হন।
পরিবারের অভিযোগ, ২৮ সেপ্টেম্বর সকালে বাড়ির কাছের একটি দোকানে যাওয়ার সময় ওই ছাত্রীকে কয়েকজন সহযোগীসহ রিজভী আটকান। পরে তাকে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল। ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
এ বিষয়ে রিজভীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।’
শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ছাত্রীর স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
তিনি আরও বলেন, কলেজ ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।















-543ba0-256x144.webp)


-bba96a-256x144.webp)