খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত তিনজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।













-93b7bc-256x144.webp)



