থানচিতে জিপ খাদে পড়ে ২ পর্যটক নিহত, আহত ৫

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার বিকেলে উপজেলার তিন্দু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানচি থানার ওসি কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটানার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত বলার সুযোগ নেই।’
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা অনুপম বলেন, দুর্ঘটনার শিকার সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা আলীকদম হয়ে তিন্দুর সাঙ্গু নদীর রাজা পাথর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।
মংবোয়াচিং মারমা বলেন, তিন্দু বাজারে পৌঁছানোর আগে খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় পর্যটকবাহী জিপটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। নিহতদের মরদেহ থানায় নেওয়া হতে পারে।
থানচির পর্যটক গাইড ক্লেমেন্ট ত্রিপুরা বলেন, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু বাজার পর্যন্ত সম্প্রতি একটি নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটি অত্যন্ত খাড়া ও ঝুঁকিপূর্ণ। আলীকদম থেকে আসা গাইডরা অনেক সময় সরাসরি থানচি সদরে না গিয়ে এই সড়ক ব্যবহার করে পর্যটকদের তিন্দু নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘থানচি সদরে আসলে নিবন্ধন করে আবার নৌকা ভাড়া করে তিন্দু যেতে হয়। খরচ বাঁচানোর জন্য এটা করে থাকে। কিন্তু তিন্দুর নতুন এই সড়কটি পর্যটক গাড়ি চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ওই সড়কে ছোটখাট সবসময় দুর্ঘটনা ঘটে থাকে।’











-93b7bc-256x144.webp)




-8bc2ef-256x144.webp)