চট্টগ্রামে হিজড়া নেত্রীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

চট্টগ্রাম প্রতিনিধি
মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া। ছবি: সংগৃহীত
মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আমবাগান রেলওয়ে কলোনির পাশের হিজড়া কলোনিতে নিজের বাসা থেকে মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছে তিনি হিজড়া সম্প্রদায়ের একটি অংশের ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।

প্রতিবেশীরা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় দুইটা পর্যন্ত মৌসুমী তাদের সঙ্গে গল্প করেন। পরে নিজের কক্ষে ঘুমাতে যান। ভোররাতে পাশের কক্ষের বাসিন্দারা তাঁর ঘর থেকে বাগ্‌বিতণ্ডার শব্দ শুনলেও পরিচিত কারও সঙ্গে কথা বলছেন মনে করে তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।

শনিবার সকাল ১০টা পর্যন্ত মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান। এ সময় দরজা খোলা দেখতে পান তারা। শয়নকক্ষে বিছানার ওপর তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বাসার পেছনে মৌসুমীর একটি গরুর খামার রয়েছে। শুক্রবার সেখান থেকে একটি গরু বিক্রি করা হয়েছিল এবং বিক্রির টাকা তাঁর কাছে ছিল বলে তারা জানতে পেরেছে। শনিবার সকালে তাঁর আরও গরু কেনার কথা ছিল। তবে ঘটনার পর সেই টাকা ও তাঁর দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না।

খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম বলেন, মৌসুমীর গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, মৌসুমী হিজড়া সম্প্রদায়ের নেতা ছিলেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement