খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খাগড়াছড়ির বড়কলক এলাকা থেকে উদ্ধার ২টি একে-৪৭, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড এ্যামোনিশন। ছবি: আইএসপিআর
খাগড়াছড়ির বড়কলক এলাকা থেকে উদ্ধার ২টি একে-৪৭, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড এ্যামোনিশন। ছবি: আইএসপিআর

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী গতকাল সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বেলা ২টার দিকে সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরবর্তীতে পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুজন সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

পরে আজ বুধবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ির রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে আরেকটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement