৪ দফা দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম, কুবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
শিক্ষার্থীদের প্রথম দাবি, অপ্রতীম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার শেষ এবং ফাঁসির রায় কার্যকর করতে হবে। দ্বিতীয় দাবিতে পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
তৃতীয় দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের কথা বলা হয়েছে। প্রয়োজনে সাঙ্গিশ্বর পুলিশ ফাঁড়ি কুবির পাশে স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা। চতুর্থ দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ, কুবি এলাকা সিসিটিভির আওতায় আনা এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠনের দাবি জানানো হয়েছে।
রোববার সকালে দুই দফা জানাজা শেষে কোটবাড়ি এলাকার একটি কবরস্থানে অপ্রতীমকে দাফন করা হয়। প্রথম জানাজার পর শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে চার দফা দাবি ঘোষণা করে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে অবরোধ তুলে নেন তারা।
গত শুক্রবার দুপুরের পর কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে ‘ম্যাজিক প্যারাডাইস’ বিনোদন পার্কসংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।















