চট্টগ্রামে তরুণকে প্রকাশ্যে গুলি, হাসপাতালে নিতেই মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মো. আজাদ (২৫) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার বিকেলে পেছন দিক থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে গুলি করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ সূত্র। বুধবার বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।

গুলিবিদ্ধ তরুণকে হাসপাতালে আনয়নকারীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুক্তভোগীকে পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি গুলি করে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি জানান, নিহত আজাদ নগরের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement