রাউজানে যুবদল নেতাকে হত্যা: মামলার প্রধান আসামি ‘সন্ত্রাসী’ রায়হান

চট্টগ্রাম প্রতিনিধি
অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল চৌমুহনী বাজারে আসে। ছবি: সংগৃহীত
অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল চৌমুহনী বাজারে আসে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বড় ভাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ারুল হক চৌধুরী। মামলায় প্রধান আসামি করা হয়েছে ‘আলোচিত সন্ত্রাসী’ রায়হানকে।

গতকাল সোমবার (১৫ জুন) রাতে রাউজান থানায় মামলাটি করেন নিহত মাসুদুলের বড় ভাই পিয়ারুল। মামলায় চট্টগ্রামের জোড়া খুনসহ বিভিন্ন মামলার ‘আলোচিত সন্ত্রাসী’ রায়হানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মামলায় আরও সাত/আটজনকে অজ্ঞাত আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর জাকির নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আমরা চালান দিয়েছি। জাকিরকেও মামলায় আসামি করা হয়েছে।’ মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।

এর আগে গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে গুলি হত্যা করা হয়।

নিহত মাসুদুল পাশের উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। ওষুধ কিনতে তিনি চৌমুহনী বাজারে যান বলে জানিয়েছে পুলিশ। রোববার ময়নাতদন্ত শেষে মাসুদুলকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল চৌমুহনী বাজারে আসে। পরে অস্ত্রধারীরা যুবদল নেতা মাসুদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি মাটিতে পড়ে যাওয়ার পরেও অস্ত্রধারীদের মধ্যে একাধিক ব্যক্তি তাকে গুলি করে।

এরপর অস্ত্রধারীরা ফাঁকা গুলি করতে করতে আবার অটোরিকশায় উঠে চলে যায়। এ সময় তিনজনের হাতে পিস্তল এবং দুজনের হাতে লম্বা আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement