ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: রাজবাড়ীর ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজবাড়ী প্রতিনিধি
বাঁ থেকে মদন কুমার প্রামাণিক ও মেহেদী হাচিনা পারভীন। ছবি: সংগৃহীত
বাঁ থেকে মদন কুমার প্রামাণিক ও মেহেদী হাচিনা পারভীন। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া দুই জনপ্রতিনিধি হলেন কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন এবং মদাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। গত রোববার প্রজ্ঞাপনটি উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী কার্যক্রমের অভিযোগ উঠে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(খ) ও ৩৪(ঘ) ধারায় বিষয়টি অপরাধ হিসেবে বিবেচনা করে একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বরখাস্তের প্রজ্ঞাপন রোববার বিকেলে উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়। পরে দুই চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। সোমবার থেকে তারা আর কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement