গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর ডেগের চালা ফকির মার্কেট এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানার ভবনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে এ দিন বেলা সোয়া ৩টার দিকে মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে আটকে পড়া ৭০ শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তীব্র রূপ ধারণ করে।
আগুনের খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, মেট্রিক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। সম্পূর্ণ নির্বাপণ করতে আরও সময় লাগবে।
-3ab82c.jpg)
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী থেকেও ইউনিট এসে কাজে যোগ দেয়। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্যও এখনো পাওয়া যায়নি।












-962f2e-256x144.webp)


-547330-256x144.webp)

