পাচার হচ্ছিল ১১১ বস্তা সার— আটক ২, ডিলারসহ আসামি ৪

বিজয় কর রতন, কিশোরগঞ্জ
ইউরিয়া সারসহ জব্দ ট্রলি। ছবি: সংগৃহীত
ইউরিয়া সারসহ জব্দ ট্রলি। ছবি: সংগৃহীত

কৃষকদের জন্য নির্ধারিত সরকারি প্রণোদনা ও ভর্তুকিযুক্ত ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ট্রলি গাড়িতে করে এসব সার পাচারের চেষ্টা করা হচ্ছিল।

এ ঘটনায় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়িও জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক শাহিন মিয়া ও জহির মিয়া, সারের ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনকে আসামি করে আজ মঙ্গলবার মিঠামইন থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাটখাল পুলিশ ফাঁড়ি।

ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অবৈধভাবে ট্রলি গাড়িতে করে সার স্থানান্তরের সময় চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক এবং দুটি ট্রলি গাড়িসহ ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ার জানান, আটক শাহিন ও জহিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরসহ সারের ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনকে আসামি করে মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন হাতে তুলে নিলে তাকে ছাড় দেওয়া হবে না। জব্দ করা সার ও ট্রলি গাড়ি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement