কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেলেন ‘পিচ্চি রাজা’

ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। পুলিশ বলছে, কারাগারে নেওয়ার পথে রাস্তায় টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে নেমে পলিয়ে যান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বাইমাইল ময়লার বাগার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। গত ১৯ মে নেপাল থেকে ফেরার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
পুলিশ ও কারা সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মহানগর আদালতে নেওয়া হয়। আদালতের কাজ শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে আসামি পিচ্চি রাজা টয়লেটে যওয়ার কথা বলেন। বাইমাইল এলাকায় প্রিজন ভ্যানটি থামালে তার সঙ্গে এক এসআই নিচে নামান। এসআইকে ফাঁকি দিয়ে এ সময় কৌশলে দৌড়ে পালিয়ে যান রাজা।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হোসেন বলেন, ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে এক বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাজা ওরফে পিচ্চি রাজা বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন। রোববার ঢাকার আদালত থেকে ফিরিয়ে আনার পথে তিনি পালিয়ে গেছেন।














-0cf3d9-256x144.webp)
-2b65ab-256x144.webp)

-47dead-256x144.webp)