কুমিল্লায় এবার আটক ৪১৫ কিশোর

কুমিল্লায় পাঁচ দিনের মধ্যে তৃতীয় দিনের মতো কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা ও গোয়েন্দা পুলিশ। এবার জেলার ১৮টি থানায় একযোগে চালানো অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত বুধবার ও শনিবার রাতে দুই দফা অভিযানে ৮৭৮ কিশোরকে আটক করে পুলিশ। সব মিলিয়ে তিন দফা অভিযানে মোট এক হাজার ২৯৩ কিশোরকে আটক করা হলো। এর মধ্যে আগের আটক ৫৯৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক কিশোরদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তার দায়িত্বে থাকা লুৎফর রহমান আরও বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে— এমন স্থানসহ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আমরা অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখব। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে কুমিল্লার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি অপরাধপ্রবণতা কমে আসছে বলে দাবি করেন তিনি।
কুমিল্লা সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, রোববার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কিশোরকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজনকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। শনিবার একই এলাকা থেকে আটক করা হয়েছিল ৩৭ জনকে, যাদের মধ্যে পাঁচজন আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াডে’র সক্রিয় সদস্য। আটক আনিসুর রহমান ওরফে আনিককে (১৯) এই গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে উল্লেখ করেছিল পুলিশ।
এর আগে বুধবার রাতে কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করে পুলিশ। মুচলেকা নিয়ে তাদের ৪৫১ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
দুই দিন পর শনিবার রাতে ফের অভিযান চাকিয়ে ২৫৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৬ কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। বাকি ১০৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কেবল কুমিল্লা নয়, রোববার রাতে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছে চাঁদপুর ও লক্ষ্মীপুরেও। এর মধ্যে চাঁদপুরে ৩৭০ জন ও লক্ষ্মীপুরে ২৪৪ কিশোরকে আটক করা হয়েছে।













-9d4e46-256x144.webp)
-0cf3d9-256x144.webp)
-2b65ab-256x144.webp)


